জানা গিয়েছে, দুই বিধায়ক মূলত বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুর সঙ্গে দেখা করার জন্য সেখানে উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও অধ্যক্ষের সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়নি। ঠিক সেই সময় অধ্যক্ষের ঘরে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সেখানে আলোচনায় ব্যস্ত থাকাকালীন ঘরে ঢোকেন দুই তৃণমূল বিধায়ক। ফলে তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়।
এই সময় ঘরে আরও কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন। পরে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, এটি শুধুমাত্র সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। তিনি বলেন, তাঁরা অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং ঘটনাক্রমে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। পাশাপাশি তিনি জানান, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে প্রশাসনিক বৈঠকগুলিতে তাঁরা অংশগ্রহণ করবেন এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য, এর আগেও দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছিল। সোমবারের এই ঘটনাও সেই আলোচনাকে আরও উস্কে দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।