মুর্শিদাবাদের বহরমপুরের পর এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূলের আরও একজন নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। কমিশনের নির্দেশে দেউলি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান হাফিজুল মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযোগ, জীবনতলার একটি সভায় তিনি ভোটারদের হুমকির স্বরে বলেন , ‘ভোট গণনার পরে ‘স্টিম রোলার’ চলবে।’
নির্বাচন কমিশন ইতিমধ্যেই পুলিশকে নির্দেশ দিয়েছে, হাফিজুলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাফিজুলের বিতর্কিত বক্তৃতার একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি বলেছেন, ‘২৯ তারিখ ভোট, ৪ মে গণনা। গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে ‘স্টিম রোলার’ চলবে। আমরা খোলা আকাশের নিচে বলছি, কারণ এই লড়াই আমাদের জিততে হবে।‘ ভিডিওটির সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান।
এর আগে, বহরমপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কমিটির সভাপতি রাজু মণ্ডলকেও ভোটারদের ভয় দেখানোর অভিযোগে কমিশনের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করেছিল।