তৃণমূলের অন্দরে ক্রমশ ফাটল জোরালো হচ্ছে। লোকসভার পরে এবার রাজ্যসভাতেও নড়বড়ে অবস্থা তৃণমূলের। সুখেন্দুশেখর রায় ও সুস্মিতা দেবের পরে এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন প্রকাশচিক বরাইক। আলিপুরদুয়ারের সুপরিচিত এই নেতা শুধু রাজ্যসভার সাংসদ পদই নয়, দলও ছেড়েছেন বলে নিজের মুখে জানিয়েছেন।
প্রকাশচিক বরাইক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। ২০২৪ সালে লোকসভা ভোটে তাঁকে আলিপুরদুয়ার থেকে প্রার্থী করা হয়েছিল। জানা গিয়েছে, চলতি বছরের বিধানসভা নির্বাচনেও তৃণমূল প্রকাশচিককে প্রার্থী করার কথা ভেবেছিল। কিন্তু শেষ পর্যন্ত তা করা হয়নি।
তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় প্রথমে রাজ্যসভা থেকে পদত্যাগ করেন। তারপরেই বুধবার সুস্মিতা দেব পদত্যাগ করেন। এবার বৃহস্পতিবার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন আলিপুরদুয়ারের এই নেতা। ইতিমধ্যেই রাজ্যসভার চেয়ারম্যানের কাছে প্রকাশচিক বরাইক পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরে বিধানসভা নির্বাচনের পরেই রাজ্যে পালাবদল হয়েছে। আর তারপরে একদিকে যেমন তৃণমূলের একের পর এক নেতার পর্দাফাঁস হতে শুরু করেছে। তেমনই অন্যদিকে একের পর এক তৃণমূল নেতা দল ছাড়তেও শুরু করেছেন। বর্তমানে কার্যত একেবারে ভরাডুবি অবস্থা তৃণমূলের। এর মধ্যে রাজ্যসভার একের পর এক সাংসদের পদত্যাগে চাপ বাড়ছে তৃণমূলের অন্দরে।