রবিবার রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাম ও বিজেপি। ১৯২ টি আসনে বামেরা ও ১৪৪টি আসনে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আজ, মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, এদিন সব বিধানসভা আসনেরই প্রার্থী ঘোষণা করবে দল। দলের অন্দরে চর্চা, শাসকদলের প্রার্থী তালিকায় বড় সংখ্যায় নতুন মুখ থাকতে পারে। পাশাপাশি টলিপাড়ার কয়েকজনকে এবার সুযোগ দিতে পারেন মমতা। সব মিলিয়ে তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক থাকবে বলে মনে করা হচ্ছে। গত পাঁচ বছরের পারফরম্যান্সের উপর ভিত্তি করে বর্তমান বিধায়কদের টিকিট দেওয়া হবে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ২৫০টি আসনে জয়ের টার্গেট নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামছে তৃণমূল কংগ্রেস। এই লক্ষ্যকে সামনে রেখে প্রার্থী তালিকা তৈরিতে বিশেষ কৌশল নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, নবীন ও প্রবীণ নেতাদের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের মিলিয়ে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। থাকতে পারেন টলিপাড়ার একাধিক নতুন মুখ, যাঁদের এর আগে রাজনীতিতে দেখা যায়নি।
গত পাঁচ বছরে বিধায়কদের পারফরম্যান্স কেমন ছিল তা খতিয়ে দেখতে সমীক্ষা করেছে আইপ্যাক। গ্রাম পঞ্চায়েত এলাকার ভিত্তিতে সমীক্ষা করা হয়েছে। কোন গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক পরিস্থিতি কেমন, বিরোধীদের কর্মসূচি ইত্যাদি নিয়ে বিস্তারিত তথ্য রিপোর্ট আকারে দলের শীর্ষ নেতৃত্বের কাছে জমা দিয়েছে ভোট কুশলী সংস্থা আইপ্যাক। বিধায়কের বিরুদ্ধে কোনও গুরুতর অভিযোগ রয়েছে কি না, সবাই রাজ্য সরকারি প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন কি না তা–ও সমীক্ষা করে জানা হয়েছে।
এই সব সমীক্ষার রিপোর্ট আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পেশ করা হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই আজ, মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে দল। সর্বপরি পারফরম্যান্স, জনসংযোগ, অসুস্থতা, বয়স, এলাকার মানুষের অভিযোগ ইত্যাদি বিবেচনা করেই প্রার্থী বাছাই করা হয়েছে।
সম্প্রতি রাজ্যসভা নির্বাচনে মেনকা গুরুস্বামী, রাজীব কুমার, কোয়েল মল্লিক ও বাবুল সুপ্রিয়র নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে বড় চমক দিয়েছিল তৃণমূল। এবার বিধানসভা নির্বাচনেও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের প্রার্থী তালিকায় জায়গা দেওয়া হতে পারে। বর্তমানে রাজ্যে তৃণমূলের অফিসিয়াল বিধায়কের সংখ্যা ২১৯। জানা গিয়েছে, সব বিধায়ককে এবারের নির্বাচনে টিকিট দেওয়া হবে না। ২০২১ সালে যে বিধানসভা এলাকাগুলিতে বিজেপি জয় পেয়েছিল সেই আসনগুলিতে নতুন মুখ দেখা যেতে পারে।