এবার এক নতুন সমস্যায় জড়ালো তৃণমূল। জমি, চাকরি, আর্থিক দুনীর্তির পর এবার বিনা পয়সায় ভাড়ার বাড়িতে থাকার ঘটনা সামনে এল। অভিযোগ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে। জয়প্রকাশ মজুমদারকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করল উত্তর বিধাননগর থানার পুলিশ। অভিযোগ, তিনি প্রায় ১২ বছর ধরে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। কিন্তু বাড়ি ভাড়া দিতেন না।
কয়েকদিন আগে বাড়ির মালিক তাঁর কাছ থেকে ভাড়া চাইতে এলে তিনি এবং তাঁর স্ত্রী দুর্ব্যাবহার করেন। বাধ্য হয়েই বাড়ির মালিক থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয় বিনা ভাড়ায় বাড়ি দখল করে রেখেছেন তৃণমূল নেতা। তদন্তে নামে উত্তর বিধাননগর থানার পুলিশ।
অন্যদিকে বুধবার সকালে ফের অশান্তি শুরু করেন তৃণমূল নেতা বলে অভিযোগ। শুরু হয় চেঁচামেচি। ঘটনাস্থলে আসে পুলিশ। আটক করে নিয়ে যায় জয়প্রকাশকে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ির মালিকের অভিযোগ ২০১২ সালে এ ই ব্লকের ৩৩৭ বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নেন জয়প্রকাশ। তিন বছরের চুক্তি হয়েছিল বাড়িওয়ালার সঙ্গে।
কিন্তু ২০১৫ সালে চুক্তি শেষ হয়ে যায়। তখন থেকেই বাড়ির দখল নিয়ে রেখে দেন তৃণমূল নেতা। উলটে ভাড়া চাইতে গেলে বাড়ির মালিক বৃদ্ধাকে গালিগালাজ করা হত, কখনও তাঁকে ধাক্কা দেওয়ারও অভিযোগ উঠেছে। ক্ষমতার অপব্যবহার করে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে।
এদিন ফ্ল্যাটের তালা খোলা নিয়ে ফের বচসা বাঁধে। স্থানীয়রাও ক্ষিপ্ত হয়ে ওঠেন। জয়প্রকাশ মজুমদারের গাড়ির চাবি খুলে নেন তাঁরা।নিরুপায় হয়ে গাড়ির ভিতরেই বসে থাকেন জয়প্রকাশ মজুমদার। স্থানীয়রা চোর-চোর স্লোগান দিতে থাকেন।মৌখিক ভাবে ফ্ল্যাট ছাড়ার আশ্বাস দিলেও তা মানতে চাননি বাড়ির মালিক।