রাজ্যে পালাবদলের পরেই একেবারে অ্যাকশন মোডে বিজেপি। তোলাবাজি ও দুনীর্তির বিরুদ্ধে সরব হয়ে একের পরে এক তৃণমূল নেতাকে হেফাজতে নিতে শুরু করেছে প্রশাসন। এরই মধ্যে এবার দুর্গাপুরে তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার হলেন প্রাক্তন বোরো চেয়ারম্যান তথা কাউন্সিলর রমাপ্রসাদ হালদার।
জানা গিয়েছে, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে শুক্রবার সকালে তাঁকে বেনাচিতি-ফরিদপুর আইসি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারির পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী রমাপ্রসাদ হালদারকে নিয়ে দুর্গাপুরের কুরুড়িয়া এলাকায় তাঁর বাসভবনে পৌঁছয়। পুলিশ সেখানে গিয়ে তল্লাশি চালান।
সূত্রের খবর, পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে বিভিন্ন নথি যাচাই করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশি অভিযানে উল্লেখযোগ্য কোনও বেআইনি সামগ্রী উদ্ধার হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পেশ করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।