ব্যাগ ভর্তি উই ধরা টাকার সঙ্গে মিলেছিল একটা আগ্নেয়াস্ত্র। এবার কলেজে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে তৃণমূল নেতা ও প্রাক্তন কলেজ পরিচালন সমিতির সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও পরিতোষ দত্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করল মুচিপাড়া থানার পুলিশ।
অভিযোগ দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং পরিতোষ দত্ত, একটি অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হন এবং তারা সুরেন্দ্রনাথ কলেজের কয়েকটি ঘর ও একটি ইউনিয়ন রুম জোর করে তালাবদ্ধ করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করেন।কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান সোমা দাস মিত্র জানিয়েছেন কীভাবে কলেজের মধ্যে আগ্নেয়াস্ত্র এল তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রের খবর মুচিপাড়ার তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় এই কলেজ দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করে আসছেন। এমনকী, তৃণমূল নেতার ছেলে শিবাশিষ ওই কলেজের আইন বিভাগের শিক্ষকতার নামে সরকারি বেতন নিতেন বলে অভিযোগ।
পাশাপাশি রাতুল ঘোষ, শুভজিৎ চক্রবর্তী এবং শুভজিৎ বর্মণ বলে তিন তৃণমূল কর্মীর নামেও অভিযোগ উঠছে কলেজের তরফে। টাকার বিনিময়ে তালিকায় জালিয়াতি করে ছাত্র ভর্তি করানোর মতো অভিযোগও রয়েছে।
পুলিশ সূত্রের খবর রাতুল ঘোষ অতীতেও কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার হাতে গ্রেফতার হয়েছিল। রাতুল ঘোষ বৌবাজারে পূর্বরেল কো-অপারেটিভ ব্যাঙ্কের কর্মী। শুধু তা-ই নয়, পালাবদলের পরেও সাধারণ ছাত্রছাত্রীদের মুখ খুলতে হুমকি দিত ধৃতরা।