মেদিনীপুরে ধৃত তৃণমূল নেতা বিশ্বনাথ পাণ্ডবকে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ

মারধর, তোলাবাজি, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় মেদিনীপুরের ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডবকে। বিশ্বনাথ পাণ্ডব ছাড়াও গ্রেপ্তার করা হয়েছে তাঁর ছেলে প্রসেনজিৎ পাণ্ডব এবং তাঁর ভাইপো রঞ্জিত পাণ্ডবকে। রবিবার সকালে মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।

ধৃতদের রবিবার মেদিনীপুর জেলা আদালতে তোলা হয়। মেদিনীপুর জেলা আদালতের ভারপ্রাপ্ত বিচারক দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর বিশ্বনাথ পাণ্ডবকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তাঁর ছেলে এবং ভাইপোকে ১৪ দিন  জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। কোতোয়ালি থানার পুলিশ ধৃত কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডবকে নিজেদের হেফাজতে নিয়ে ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

ধৃত তৃণমূল কংগ্রেসের  কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব বলেন দল হেরে যাওয়ার পর আমরাই মার খেলাম অথচ পুলিশ আমাদেরকেই গ্রেপ্তার করেছে। আমি কোনও অন্যায় কাজের সঙ্গে যুক্ত নই, আদালতের প্রতি আমার ভরসা রয়েছে, যা আগামী দিনে প্রমাণ হবে। এই ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর  শহরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।