প্রথম দফার ভোটে ৭ ঘণ্টায় ৭০০-র বেশি অভিযোগ নিয়ে কমিশনে তৃণমূল

প্রথম দফার বিধানসভা নির্বাচনে দুপুর ২টো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে ৭০০-রও বেশি অভিযোগ জমা পড়েছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। এর মধ্যে প্রায় ১০০টি অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, আর বেশিরভাগ অভিযোগই ইভিএম বিকল সংক্রান্ত।

বৃহস্পতিবার রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়। বহু জায়গায় ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেলেও, একাধিক বুথে ইভিএম খারাপ থাকায় ভোট শুরুতে দেরি হয়েছে বলে অভিযোগ ওঠে। বড়ঞা, শমসেরগঞ্জ, কান্দি এবং কোচবিহারের কিছু বুথে এই সমস্যা দেখা যায়। এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল।

শাসকদলের অভিযোগ, শুধু ইভিএম সমস্যাই নয়, কেন্দ্রীয় বাহিনীর একাংশ ভোটারদের প্রভাবিত করছে এবং কোথাও কোথাও হেনস্থার ঘটনাও ঘটছে। ঝাড়গ্রাম ও চোপড়ার মতো এলাকায় মারধরের অভিযোগও উঠেছে। এই সংক্রান্ত প্রায় ১০০টির বেশি অভিযোগ কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে বলে দাবি তৃণমূলের।


যদিও এই অভিযোগের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দফার ভোট নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, দীর্ঘ সময়ের মধ্যে এবারই সবচেয়ে শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং রেকর্ড সংখ্যক মানুষ ভোট দিচ্ছেন। মোদীর এই মন্তব্য নিয়েও শুরু হয়েছে বিতর্ক।