রাজারহাট–নিউটাউনে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মী শাহ আলমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল তৃণমূল কংগ্রেস। দলবিরোধী কার্যকলাপ এবং বিরোধী দলের প্রার্থীর সঙ্গে প্রকাশ্যে যোগাযোগ রাখার অভিযোগে তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছে তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান বিদায়ী বিধায়ক ও তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়।
দলের তরফে জানানো হয়েছে, শাহ আলম কোনও পদাধিকারী নন, তিনি একজন সাধারণ কর্মী হিসেবেই পরিচিত ছিলেন এলাকায়। তাই তাঁকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করার প্রশ্ন না উঠলেও, দলের সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে। তাপস চট্টোপাধ্যায় বলেন, একজন প্রার্থী হিসেবে তিনি চান না, এমন কারও সঙ্গে দলের যোগসূত্র থাকুক, যিনি দলের বিরুদ্ধে কাজ করছেন।
নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের শান্তি বজায় রাখার বার্তা দিতে পুলিশ থানায় ডেকে পাঠায়। শাহ আলমকেও নিউটাউন থানায় ডাকা হয়েছিল। তাঁর অভিযোগ, তাঁকে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখা হয়। এই খবর পেয়ে বিজেপি প্রার্থী পীযূষ কানুরিয়া থানায় পৌঁছে পুলিশ প্রশাসনের কাছে এর কারণ জানতে চান এবং বলেন, কোনও ব্যক্তিকে অকারণে হয়রানি করা উচিত নয়।
তৃণমূল নেতৃত্ব আরও দাবি করেছে, দীর্ঘদিন ধরেই শাহ আলম সমাজ মাধ্যমে দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিলেন। তাঁকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি সেই পথ থেকে সরে আসেননি। উপরন্তু, সম্প্রতি বিজেপি প্রার্থীর সঙ্গে তাঁর প্রকাশ্য মেলামেশা দল ভালোভাবে নেয়নি। সব মিলিয়ে এই ঘটনাগুলির প্রেক্ষিতেই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস।