ভোটগণনার ঠিক আগে দলীয় প্রস্তুতি আরও জোরদার করতে সব কাউন্টিং এজেন্টকে নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল ৪টেয় ডাকা হয়েছে এই বৈঠক। রাজ্যের ২৯১টি কেন্দ্রের দলীয় কাউন্টিং এজেন্টদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন তাঁরা।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পর্বের শুরু থেকেই এই ধরনের ভার্চুয়াল বৈঠক করে আসছেন অভিষেক। তবে সেই বৈঠকগুলিতে আগে তৃণমূলনেত্রীকে দেখা যায়নি। তিনি আলাদাভাবে বুথ স্তরের এজেন্টদের সঙ্গে বৈঠক করেছেন। বাড়ি বাড়ি ফর্ম বিলির সময়েও দু’বার ভার্চুয়াল বৈঠক করেছিলেন অভিষেক। গত নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে একাধিক বৈঠকে সংগঠনকে সক্রিয় রাখা হয়েছিল।
ভোট ঘোষণার পর প্রচারপর্ব শুরু হলে এই ধরনের বৈঠক কিছুটা কমে যায়। তবে প্রথম ও দ্বিতীয় দফার ভোটের আগে দলের তরফে নেতা-কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক হয়েছিল। সেখানে দলের শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন।
এ বার ভোটগণনার আগে ফের সেই কৌশলেই ফিরছে তৃণমূল। প্রতিটি গণনাকেন্দ্রে দলীয় এজেন্টদের কী ভূমিকা হবে, কোন বিষয়ে নজর দিতে হবে, তা স্পষ্ট করে জানানো হবে এই বৈঠক থেকে।
এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, তাঁর দল ২২৬টি আসনে জয় পাবে। ফলে গণনার দিনে কোনও ত্রুটি রাখতে চাইছে না তৃণমূল। ভোটের দীর্ঘ প্রস্তুতির পর এবার ফল ঘরে তোলার পালা বলে মনে করছে দল।
বৃহস্পতিবার রাতে কলকাতার একটি গণনাকেন্দ্র সংলগ্ন স্ট্রংরুমে নিজে গিয়ে দীর্ঘ সময় নজরদারি করেছেন মমতা। এতে স্পষ্ট, গণনাপর্বে কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয় দল।
দলের এক প্রবীণ নেতার কথায়, গণনার দিন শুধু সংখ্যার লড়াই নয়, মানসিক চাপেরও পরীক্ষা থাকে। তাই প্রতিটি এজেন্টকে সতর্ক ও সচেতন রাখতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গণনাকেন্দ্রে কী করা যাবে এবং কী করা যাবে না, সে বিষয়ে অনেক সময় বিভ্রান্তি থাকে। বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক এজেন্টের অভিজ্ঞতা কম থাকে। সেই কারণেই শনিবারের বৈঠকে প্রতিটি বিষয় বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।