মাতৃশক্তি ভরসা কার্ড নিয়ে বিধি ভাঙার অভিযোগ, কমিশনে তৃণমূল

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভোটের আবহে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বাংলায়। ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ ঘোষণা ও ফর্ম বিলিকে কেন্দ্র করে বিরোধী শিবিরের বিরুদ্ধে সরব হল তৃণমূল। নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে শাসক দল।

তৃণমূলের অভিযোগ, বিরোধী দলের শীর্ষ নেতারা ভোটের ঠিক আগে নতুন প্রকল্প ঘোষণা করে মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় সেই প্রকল্পের ফর্ম বিলি করা হচ্ছে। এই ধরনের পদক্ষেপ সরাসরি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা বলেই মনে করছে শাসক শিবির।

দলের তরফে নির্বাচন কমিশনের প্রধান এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘এই ধরনের ঘোষণা ও অর্থের প্রতিশ্রুতি নির্বাচন বিধির গুরুতর লঙ্ঘন। ভোটের আগে পরিকল্পিতভাবে এই কর্মসূচি চালানো হচ্ছে, যার লক্ষ্য ভোটারদের নির্দিষ্ট দলের পক্ষে প্রভাবিত করা।’


তৃণমূল নেতৃত্বের মতে, এই কর্মসূচির আড়ালে মহিলাদের প্রলোভন দেখিয়ে ফর্ম পূরণ করানো হচ্ছে। এমনকি ভবিষ্যতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা নগদে অর্থ দেওয়ার আশ্বাসও দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

এক শীর্ষ তৃণমূল নেতা বলেন, ‘স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি। ভোটের আগে আর্থিক প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের প্রভাবিত করা গণতন্ত্রের মূল ভিত্তিকেই দুর্বল করে।’

তৃণমূলের দাবি, এই ঘটনা একক নয়, বরং সুপরিকল্পিতভাবে ভোটের আগে সংগঠিত কর্মসূচি হিসেবে চালানো হচ্ছে। তাই সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে দ্রুত শোকজ নোটিশ জারি করা এবং কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে দল।

রাজনৈতিক মহলের মতে, ভোটের মুখে এই অভিযোগ ঘিরে চাপানউতোর আরও বাড়বে। শাসক ও বিরোধী—উভয় পক্ষই এখন কমিশনের পদক্ষেপের দিকে নজর রাখছে।