মমতাকে জেতাতে নকল আঙুল কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর অভিযোগ, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে নকল আঙুল’ কিনেছেন তৃণমূলের এক কাউন্সিলর। এক-আধটা নয়, আঙুল কেনা হয়েছে সাড়ে সাতশো। নিজের দাবির প্রমাণ দিতে একটি কৃত্রিম আঙুলের ছবিও দেখিয়েছেন শুভেন্দু। যদিও শুভেন্দুর দেওয়া সেই ছবির সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান। সংশ্লিষ্ট তৃণমূল কাউন্সিলর শুভেন্দুর দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

বুধবার দ্বিতীয় দফার রাজ্যের ১৪২টি আসনের সঙ্গে ভবানীপুরেও ভোটগ্রহণ হবে। মঙ্গলবার সন্ধ্যায় একটি ছবি দেখিয়ে শুভেন্দু দাবি করেনভোটে কারচুপির জন্য নকল আঙুল কিনেছে তৃণমূল। ৭৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস সাড় সাতশো নকল আঙুল কিনেছেন। তৃণমূলের কর্মীরা ওই নকল আঙুল দিয়ে একাধিক ভোট দেবেন। শুভেন্দুর আরও অভিযোগ, ভবানীপুর কেন্দ্রে বিএলওদের বিলি করা ৩৮১০টি বুথ স্লিপ ফেরত এসেছে। ওই বুথ স্লিপগুলি সংশ্লিষ্ট ভোটারদের কাছে পৌঁছনো যায়নি। কারা সেই ভোটারতার তালিকা বিজেপির বুথ এজেন্টদের দেওয়া হয়েছে।

৭৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবলীনা পাল্টা বলেন, ‘বিজেপি প্রার্থী হারের ভয়ে ভুল বকছেন। তাঁর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকর। তাই এধরনের ভিত্তিহীন অভিযোগের কোনও জবাব নেই।