‘দেশ থেকে তাড়ানো দরকার’, সেলিমকে আক্রমণ করে তড়িৎবরণকে রাজনৈতিক অভিভাবকের স্থান অর্জুনের

Arjun Singh-Taritbaran Topdar-Md Selim Photo-SNS

সিপিএমের একজন নেতার সম্পর্কে ভাল ধারণা এবং অপরজন সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। এক যাত্রায় পৃথক ফলের কারণও অবশ্য জানিয়েছেন মন্ত্রী। একদা ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতিতে দু’জনের অবস্থান ছিল বিপরীত মেরুতে। বলা যেতে পারে, যুযুধান প্রতিপক্ষ। তবে কালের গতিতে সেই অতীতের বৈরিতা সরিয়ে একমঞ্চে এসেছেন দুই নেতা। এমনকী সিপিএমের প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান নেতা তড়িৎবরণ তোপদারের ভূয়সী প্রশংসাও করলেন মন্ত্রী। আর অর্জুনকেও দরাজ শংসাপত্র দিয়েছেন সিপিএমের এই প্রাক্তন সাংসদ। ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালের অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গেল দু’জনকে। কিন্তু মহম্মদ সেলিমকে দেশ থেকে তাড়ানো উচিত বলে মনে করেন অর্জুন।

এদিকে ওই মঞ্চে উঠেই তড়িৎবরণ তোপদার এবং অর্জুন সিং একে অপরের প্রতি সৌজন্য বিনিময় করেন। অনেক ঝড়ঝঞ্ঝা পেরিয়ে অর্জুন সিং এই জায়গায় পৌঁছেছেন বলে দাবি তড়িৎবরণ তোপদারের। পাল্টা শ্রদ্ধা জানিয়ে অর্জুন সিং তড়িৎ তোপদারকে নিজের ব্যারাকপুরের রাজনৈতিক অভিভাবক বলে উল্লেখ করলেন। এভাবেই সিপিএম এবং বিজেপি নেতার সৌজন্য শিল্পাঞ্চলের রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এল। তড়িৎবরণ প্রকাশ্যে বলেন, ‘অনেক ঝড়ঝঞ্ঝা পেরিয়ে মন্ত্রিত্বের আসনে পৌঁছেছেন অর্জুন। রাজনৈতিক জীবনে নানা উত্থান-পতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। সমস্ত বাধা অতিক্রম করে সফলভাবে মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন। গুরুত্বপূর্ণ দপ্তরও পেয়েছেন। একদিনে অর্জুন সিং হয়ে ওঠা সম্ভব নয়। তাঁর বাবা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজনীতিতে দলবদল স্বাভাবিক বিষয়। অর্জুন যেভাবে নিজের রাজনৈতিক জায়গা তৈরি করেছেন, সাফল্য পেয়েছেন সেটা উল্লেখযোগ্য। এই উত্থান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।’

অন্যদিকে প্রাক্তন সিপিএম সাংসদকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী। যা শুনে অনেকেই চমকে গিয়েছেন। অর্জুন সিংয়ের বক্তব্য, ‘ব্যারাকপুরের রাজনীতি, সামাজিক পরিস্থিতি এবং সামগ্রিক ব্যবস্থা সম্পর্কে তড়িৎবাবুর মতো অভিজ্ঞ মানুষ খুব কমই আছেন। আমার বাবার সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পর্ক ছিল। আমার সম্পর্কে বহু পুরনো কথাও এখনও তাঁর মনে আছে। ব্যারাকপুরকে তিনি যতটা চেনেন, ততটা আর কেউ চেনেন বলে মনে হয় না। আমিও তাঁর কাছ থেকে প্রতিনিয়ত শেখার চেষ্টা করি।’


তবে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সম্পর্কে একইরকম ধারণা নয় রাজ্যের পরিবহণমন্ত্রীর। মহম্মদ সেলিমকে ‘দেশবিরোধী’, দিমাগি নকশাল বলে আক্রমণ করেন তিনি। এমনকী দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন পরিবহণমন্ত্রী। সেলিমকে দেশবিরোধী আক্রমণ করে অর্জুন সিংয়ের বক্তব্য, আমরা সবাই বলব সেলিম থেকে সাবধান। ভারতবর্ষের লোকই না। ওঁ দেশবিরোধী লোক। ওঁকে বাংলা না, দেশ থেকে তাড়ানো দরকার। এই লোকটা দেশের জন্য ভাল ভাববেই না। এরা তো এখানের খাবে, আর পাকিস্তানের গল্প করবে। ওঁর নিজের দলটা অস্তিত্বহীন হয়ে পড়ছে। পায়ের তলায় মাটি নেই। মাথায় ছাদ নেই। হাওয়ায় ভাসছে। ওঁরা কি বিজেপি নিয়ে আলোচনা করবে? অতি বামপন্থীর কথা বলছে, দিমাগি নকশালের কথা বলছে। যাঁরা দেশবিরোধী লোক, তাঁদের নিয়ে আলোচনা করাও ভুল হবে।’