ইতিহাসের পাতায় চলে যাওয়া কলকাতার ট্রাম ফের কলকাতার বুকে পা রাখতে চলেছে। চলতি বছরেই কলকাতার রাস্তায় দেখা মিলবে ট্রামের। বুধবার ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এক বৈঠকে এ কথাই জানিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং।
তবে এবার আর রাস্তার মাঝখান দিয়ে নয়। বরং এবার কলকাতার বুক চিরে রাস্তার বাঁ দিক দিয়ে চলবে ট্রাম। পরিবহন দপ্তর সূত্রের খবর, শহর কলকাতার রাস্তায় এর আগে ৭০টি ট্রাম চলত। এবার সেই ৭০টি ট্রামকেই পুনরায় রাস্তায় চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পরিবহন দপ্তর। আর এই কাজ যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে সুসম্পন্ন করা যায় তার জন্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে রাইটসকে সবকিছু খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে।
সময় মাত্র ৩০ দিন। আর এই ৩০ দিনেই নির্ধারণ হয়ে যাবে দুর্গাপুজোর সময় শহর কলকাতায় রাস্তার বাঁ দিক ধরে কীভাবে ট্রাম চলবে। তবে এবার যে ট্রাম চালানো হবে তা একেবারেই অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। ইতিমধ্যেই পরিবহন দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পথ চলতি মানুষ থেকে শুরু করে যান চলাচলে কোনও অসুবিধা না হয়। সেদিকে অবশ্যই নজর দেওয়ার কথা বলা হয়েছে।
এই পরিষেবা শুরু হলে একদিকে যেমন ইতিহাসকে ফিরিয়ে আনা যাবে। তেমনি অন্যদিকে দূষণমুক্ত পরিবহন চালাতে ফের সক্ষম হবে রাজ্য পরিবহন দপ্তর। পাশাপাশি রাজারহাট-নিউটাউনেও এবার অত্যাধুনিক ট্রাম পরিষেবা শুরু করার কথা চিন্তাভাবনা করেছে রাজ্য পরিবহন দপ্তর। সবকিছু পর্যবেক্ষণ করে রিপোর্ট জমা দেওয়ার জন্য রাইটসকে দায়িত্ব দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে বিভিন্ন লড়াইয়ের পরেও শহর কলকাতায় ট্রাম চালাতে রীতিমতো ব্যর্থ হয়েছে তৎকালীন সরকার। এমনকী এর জল আদালত পর্যন্ত গড়িয়েছে। কিন্তু তারপরেও কোনও রকম সুরাহা মেলেনি। ফলে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে শহর কলকাতায় ট্রাম চলাচল ব্যবস্থা।
তবে কেবলমাত্র তৃণমূল সরকারের আমলেই নয়। বাম আমলেও একই ঘটনা ঘটেছিল। কেন্দ্রীয় সরকারের তরফে বারংবার প্রস্তাব দেওয়া হয়েছিল শহর কলকাতার এই ঐতিহ্যবাহী ট্রামকে সঠিকভাবে পরিচালনা করার। কিন্তু বাম থেকে তৃণমূল সরকার নিজেদের অস্তিত্ব লড়াইয়ের জন্য কেন্দ্রীয় সরকারের সেই প্রস্তাবকে কোনওভাবেই গ্রহণ করেনি। রাজনৈতিক টানাপোড়নের ফলে এখনও পর্যন্ত মুখ থুবড়ে পড়ে রয়েছে শহর কলকাতার ট্রাম।
১৫ বছর পর রাজ্যে পট-পরিবর্তনের ফলে এবারে ডাবল এঞ্জিন সরকার ক্ষমতায় আসার পর দুর্গাপুজোর আগেই ফের শহর কলকাতার বুকে আবার চালু হতে চলেছে ঐতিহ্যবাহী ট্রাম। এর আগে ট্রাম যে ৭০টি রুটে চলাচল করত, সেই রুটেই আবারও টুং টুং ঘন্টির শব্দ শোনা যাবে। ঠিক কবে থেকে ফের কলকাতার বুকে ঐতিহ্যবাহী ট্রামকে দেখা যাবে এখন সেটাই দেখার।