দোলে দিঘার জগন্নাথ মন্দির বাড়বে ভিড়, আশা পর্যটন ব্যবসায়ীদের

 আসন্ন দোল উৎসবে দিঘার জগন্নাথ মন্দিরে পর্যটকদের ঢল নামবে। আসবেন প্রচুর বিদেশি পর্যটকও। স্বাভাবিকভাবেই জমবে ব্যবসা, এমনই মনে করছেন দিঘার পর্যটন ব্যবসায়ীরা। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে এই প্রথম দোল। তাই ভিড় যথেষ্টই বাড়বে বলে মনে করছেন দিঘার হোটেল মালিকরা।

জগন্নাথ মন্দির ট্রাস্টি কমিটির সদস্য তথা কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানিয়েছেনদিঘার মন্দিরে দোলের দিন বিশেষ পুজো ও ভোগ নিবেদনের ব্যবস্থা করা হচ্ছে। দোল উপলক্ষে প্রতি বছর দেশি ও বিদেশি ভক্তরা মায়াপুরে ভিড় জমান। এ বার দিঘার জগন্নাথ মন্দির নিয়েও বিদেশি ভক্তদের মধ্যে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক সুরজিৎ পণ্ডিত বলেনদোলের সময় বাড়তি ভিড় সামাল দিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভিড়ের কারণে পর্যটকদের যাতে কোথাও কোনওরকম সমস্যা না হয় সে দিকে সতর্ক নজর রাখছে প্রশাসন।

দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছেদোলের ছুটিতে অনেকেই আগাম বুকিং করে রেখেছেন। বেশিরভাগ হোটেলের ৭৫ শতাংশ ঘর আগাম বুকিং হয়ে গিয়েছে। তবে তুলনায় নিউ দিঘায় এবার বুকিং কিছুটা কম হয়েছে। নিউ দিঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা জানিয়েছেননিউ দিঘার হোটেলগুলিতে এখনও পর্যন্ত ৩০ শতাংশের মতো আগাম বুকিং হয়েছে। তবে এখনও সময় আছে। আশা করা যায় কোনও ঘরই ফাঁকা থাকবে না। জগন্নাথ মন্দির চালু হয়ে যাওয়ায় এবার নিশ্চিতভাবেই অতিরিক্ত ভিড় হবে।