আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নিয়ম অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের ঠিক সাত দিন আগে পর্যন্ত থাকে নোটিস পিরিয়ড। সেই হিসেবেই নতুন ভোটার হিসেবে নাম তুলতে ইচ্ছুকদের জন্য ফর্ম ৬ জমা দেওয়ার শেষ সময় সোমবার, ৩০ মার্চ রাত বারোটা পর্যন্ত।
কমিশন সূত্রের খবর, এই সময়সীমার মধ্যে যাঁরা ফর্ম ৬ জমা করবেন, তাঁদের আবেদন পরবর্তী সাত দিন নোটিস পিরিয়ডে থাকবে। এই সময়ের মধ্যে জমা পড়া আবেদনগুলি খতিয়ে দেখে সমস্ত দিক বিচার-বিবেচনা করবে নির্বাচন কমিশন। সব কিছু সন্তোষজনক হলে তবেই চূড়ান্ত ভোটার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হবে।
অন্যদিকে, যেসব নাম এখনও বিবেচনাধীন অবস্থায় রয়েছে বা ট্রাইবুনালে বিচারাধীন, সেগুলির ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নিয়ম। কমিশনের বিধি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রাত বারোটার মধ্যে যে সমস্ত মামলার নিষ্পত্তি হবে, শুধুমাত্র সেই নামগুলিই চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত করা হবে। এর বাইরে থাকা কোনও নাম অন্তর্ভুক্ত করা হবে না। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী, এই নামগুলিকে বিবেচনা করা হবে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার ভিত্তিতে। অর্থাৎ, সেই দিনটিকেই ধরা হচ্ছে মূল নিরিখ হিসেবে।
তবে কমিশন স্পষ্ট করে জানিয়েছে, ফর্ম ৬-এর মাধ্যমে নতুন নাম তোলার প্রক্রিয়া এবং বিবেচনাধীন বা ট্রাইবুনালে থাকা মামলাগুলি সম্পূর্ণ আলাদা বিষয়। দু’টির মধ্যে কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই বলেই জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র। সব মিলিয়ে, ভোটের আগে ভোটার তালিকা নিয়ে কোনও বিভ্রান্তি এড়াতে সময়সীমা ও নিয়মাবলি কঠোরভাবে মানার উপরই জোর দিচ্ছে কমিশন।