জেলা সভাপতির পদ ছাড়লেন তৃণমূলের নরেন্দ্রনাথ চক্রবর্তী

তৃণমূল কংগ্রেসের নতুন জেলা কমিটি ঘোষণার পরেই পশ্চিম বর্ধমান জেলা সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন প্রবীণ নেতা নরেন্দ্রনাথ চক্রবর্তী। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি পাঠিয়েছেন।

সম্প্রতি তৃণমূলের নতুন সাংগঠনিক কাঠামো ঘোষণা করা হলে পশ্চিম বর্ধমান জেলার সভাপতির দায়িত্ব আবারও নরেন্দ্রনাথের উপরই দেওয়া হয়েছিল। তবে দায়িত্ব গ্রহণে অনীহা প্রকাশ করে তিনি জানান, বর্তমান শারীরিক অবস্থায় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব নয়।

বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর থেকেই তৃণমূলে একের পর এক পদত্যাগের ঘটনা সামনে আসছে। এর আগে পশ্চিম মেদিনীপুরের সাধারণ সম্পাদক প্রদীপ সরকার এবং পূর্ব বর্ধমানের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ও পদ ছাড়েন। সেই তালিকায় এবার যুক্ত হল নরেন্দ্রনাথ চক্রবর্তীর নাম।


পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ দীর্ঘদিন ধরে জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ মুখ। তবে সাম্প্রতিক সময়ে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ সামনে আসে। স্থানীয়দের একাংশ সরকারি সামগ্রী বণ্টন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এমনকি তাঁর বাড়ি ও কার্যালয় ঘিরে বিক্ষোভও হয়েছিল।

রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনের পর জনরোষ ও রাজনৈতিক চাপের মুখে তৃণমূলের বহু প্রবীণ নেতা এখন দায়িত্ব নিতে অনাগ্রহী হয়ে উঠছেন। নরেন্দ্রনাথের পদত্যাগ সেই জল্পনাকেই আরও উস্কে দিল।