নির্বাচনী হলফনামায় কোটি কোটি টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে এবার আইনি জটিলতায় জড়ালেন সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পাল। তাঁর বিরুদ্ধে সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সঞ্জিত জানা নামে এলাকার এক বিজেপি কর্মী। অভিযোগ, বিধায়কের মেয়ে ও স্বামীর নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে।
নির্বাচনে মনোনয়নপত্র পেশের সময় দেওয়া হলফনামায় সেই সম্পত্তির উল্লেখ করেননি প্রিয়া। অভিযোগকারী সঞ্জিত জানার দাবি, ২০২১ সালে বিধায়ক হওয়ার পর থেকেই প্রিয়া পাল বেআইনি উপায়ে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে তোলাবাজির মাধ্যমে সংগৃহীত অর্থে বিধায়কের পরিবার বিভিন্ন জায়গায় জমি, বাড়ি-সহ কোটি কোটি টাকার সম্পত্তি কিনেছে। সেই সম্পত্তির বড় অংশই বিধায়কের মেয়ে ও স্বামীর নামে রয়েছে বলেও দাবি বিজেপি কর্মীর।
বিজেপির অভিযোগ, বিধায়ক হওয়ার আগে প্রিয়া পাল ও তাঁর পরিবারের আর্থিক অবস্থার সঙ্গে বর্তমান সম্পত্তির পরিমাণের কোনও সামঞ্জস্য নেই। গত পাঁচ বছরে তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ অস্বাভাবিক হারে বেড়েছে বলে দাবি করা হয়েছে অভিযোগপত্রে। অথচ নির্বাচনী হলফনামায় সেই সম্পদের পূর্ণাঙ্গ হিসেব দেওয়া হয়নি, যা নির্বাচনী বিধি লঙ্ঘনের সামিল বলেও অভিযোগকারীর দাবি।
এই বিষয়ে সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পাল অবশ্য কোনও মন্তব্য করেননি। বিজেপির পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর সাঁকরাইল থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। অভিযোগের প্রমাণ মিললে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাঁকরাইলের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্বাচনী হলফনামায় সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ কতদূর গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।