গ্রেপ্তার নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর, লটারি মামলায় পুলিশের জালে

Tithankar Ghosh Arrested Photo-SNS

বাবা গিয়েছিল ঋতব্রত গোষ্ঠীর তৃণমূলে। কিন্তু তারপরও ছেলেকে বাঁচাতে পারলেন না প্রাক্তন বিধায়ক। অবশেষে পুলিশ গ্রেপ্তার করল ছেলেকে। লটারি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হলো। বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে গা-ঢাকা দিয়েছিলেন তিনি। কিন্তু তারপরও শেষরক্ষা হলো না। পুরনো মামলায় পুলিশের জালে ধরা পড়লেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। সোমবার দক্ষিণেশ্বর থেকে খড়দহ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে বলে খবর। বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তীর্থঙ্কর।

একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় উসকানি এবং লটারি জয়ী ব্যক্তির কাছ থেকে কোটি টাকা ছিনতাই করার অভিযোগ ছিল তীর্থঙ্করের বিরুদ্ধে। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে হারের পর থেকে তাঁর আর খোঁজ মিলছিল না। কিন্তু দু’মাসের মধ্যেই গ্রেপ্তার হতে হলো তীর্থঙ্করকে। তোলাবাজি, বেআইনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, লটারির টিকিট হাতিয়ে নেওয়া-সহ একাধিক অভিযোগ রয়েছে বাবা-ছেলের বিরুদ্ধে। খড়দহ থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। তখন থেকেই প্রাক্তন বিধায়ক এবং তাঁর ছেলেকে খুঁজছিল পুলিশ।

এই তীর্থঙ্কর ঘোষ বাবার হাত ধরেই রাজনীতিতে পা রাখেন। এলাকায় ‘পুচিদা’ নামে পরিচিত তীর্থঙ্কর। তাঁর বাবা নির্মল ঘোষ পানিহাটির বহুদিনের জনপ্রিয় নেতা। বেশ কয়েকবার বিধায়ক হন। এই এলাকায় নির্মলবাবুর বেশ দাপট ছিল। তবে সোদপুরের অমরাবতীর মাঠ থেকে শুরু করে একাধিক জমি দখলের মতো অভিযোগ জমা পড়েছিল আগে। কিন্তু তখন পুলিশ পদক্ষেপ করেনি। আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ-খুনের ঘটনায় নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ ওঠে তড়িঘড়ি দেহ দাহ করার। নিহত তরুণীর মা তথা বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাছে হেরে যান তীর্থঙ্কর। এবার গ্রেপ্তার হলেন তিনি।


তাছাড়া আগ্নেয়াস্ত্র দেখিয়ে লটারির টিকিট কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পিতা-পুত্রের বিরুদ্ধে। শনিবার ছেলেকে এবং নিজেকে বাঁচাতে ঋতব্রত গোষ্ঠীর কাছে গিয়েছিলেন বাবা নির্মল ঘোষ। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রবিবার সংবাদমাধ্যমে নিজেই জানিয়ে দেন, ‘রিজার্ভেশন আছে, ওঁকে আমরা নেব না।’ তারপরই গ্রেপ্তার হলেন তীর্থঙ্কর ঘোষ। রবিবার দিনই তোলাবাজি ও বেআইনি জমি দখলের অভিযোগে খড়দহ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন নির্মল ঘোষের ঘনিষ্ঠ হিমাংশু দেব। তিনি পাটিহাটি পুরসভার কাউন্সিলর ছিলেন। ঋতব্রত গোষ্ঠীতে গিয়েও যে বাবা-ছেলে বাঁচবে না সে কথা আগেই জানিয়ে দিয়েছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। ঠিক সেটাই হলো। এদিন তীর্থঙ্করকে আদালতে তোলা হয়। তার মধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে রক্ষাকবচ চেয়ে মামলা দায়ের করলেন বাবা নির্মল ঘোষ।