গ্রেপ্তার তৃণমূলের শিক্ষক নেতা-কাউন্সিলর, উলুবেড়িয়ায় উঠল চোর স্লোগান

প্রতীকী চিত্র

রাজ্যে পালাবদলের পর থেকে একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী থেকে শুরু করে কাউন্সিলর, প্রাক্তন মন্ত্রী গ্রেপ্তার হচ্ছেন। বিস্তর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। সাধারণ মানুষ থানায় গিয়ে অভিযোগ দায়ের করছেন। আর তাতেই শ্রীঘরে যাচ্ছেন তাঁরা। এমনকী বেশ কিছু নেতার বিরুদ্ধে আবার দুর্নীতির অভিযোগ রয়েছে। সেইসব দু্র্নীতির তদন্তে নেমে গ্রেপ্তার করা হচ্ছে তৃণমূল নেতাদের। এবার গ্রেপ্তার হলেন উলুবেড়িয়া পুরসভার তৃণমূল কাউন্সিলর নির্মল যাদব। শনিবার বাউরিয়া থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এদিন তাঁকে উলুবেড়িয়া আদালতে তোলা হয়।

এদিকে ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তার করা হয়েছে নির্মল যাদবকে। তিনি তৃণমূল কাউন্সিলর তথা শিক্ষক নেতা। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর বিরোধী দলের নেতা-কর্মীদের হুমকি দেওয়া, মিথ্যা মামলায় ফাঁসানো-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নির্মল যাদবকে। এই তৃণমূল নেতা নির্মল যাদব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আবার তিনি হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের তৃণমূল শিক্ষা সেলের সভাপতি। সুতরাং সামান্য নেতা নন তিনি। কর্মীও নন। এই নেতা যথেষ্ট প্রভাবশালীও বটে।

অন্যদিকে নিজের ক্ষমতার জেরে এই শিক্ষক নেতা বহু অনৈতিক কাজ করেছেন বলে অভিযোগ। স্থানীয় মানুষজন এই নেতার উপর বেজায় চটে ছিলেন। এবার পালাবদল হতেই থানায় অভিযোগ জমা হতে শুরু করে। একাধিক হিংসাত্মক কাজের সঙ্গে জড়িয়ে থাকা এই নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আর তারপরই বাউরিয়া থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এদিন তাঁকে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় চোর চোর স্লোগান দেয় উত্তেজিত জনতা। তবে কেউ ডিম ছোঁড়েনি।


তাছাড়া চোর চোর স্লোগান শুনেও কোনও প্রত্যুত্তর দেননি শিক্ষক-নেতা নির্মল যাদব। এই ঘটনায় অত্যন্ত খুশি ওই এলাকার বাসিন্দারা। কারণ অনেককেই মিথ্যে মামলায় জড়িয়ে দিয়েছিলেন তিনি। তৎকালীন বিরোধী দলের নেতা-কর্মীদের হুমকি দেওয়া, পুলিশ লেলিয়ে দেওয়া এবং দলবল নিয়ে গিয়ে মারধর করার মতো অভিযোগ রয়েছে। এই বিষয়ে উলুবেড়িয়ার বিজেপি নেতা রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করার কাজে তৃণমূল সিদ্ধহস্ত ছিল। এরা ক্ষমতায় থাকাকালীন প্রচুর মানুষের উপর অত্যাচার করেছে। মোদীজি বলেছিলেন সবার হিসাব হবে। হিসাব শুরু হয়ে গিয়েছে। সমস্ত অন্যায়ের হিসাব হবে। শুধু নির্মল যাদব নয় আরও যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত রয়েছে তাদেরও হিসাব হবে।’