গ্রেফতার নিউটাউনের তৃণমূল প্রধান

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই কড়া অবস্থানে পুলিশ প্রশাসন। ভোট-পরবর্তী হিংসা ও দুর্নীতির সঙ্গে জড়িত তৃণমূল নেতা-নেত্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই আবহেই এবার গ্রেপ্তার করা হল রাজারহাট-নিউটাউনের তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানকে।

জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা গায়েনকে গ্রেপ্তার করেছে নিউটাউন থানার পুলিশ। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে সূত্রের খবর। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তোলাবাজি-সহ একাধিক অভিযোগ উঠেছিল। এলাকায় তিনি যথেষ্ট প্রভাবশালী নেত্রী হিসেবেই পরিচিত ছিলেন।

এর আগেই শনিবার রাতে গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে। তিনি ১৬ নম্বর বোরোর চেয়ারম্যান পদেও ছিলেন। ঠাকুরপুকুর থানায় দায়ের হওয়া তোলাবাজির অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রাজনৈতিক মহলে তিনি অত্যন্ত প্রভাবশালী বলেই পরিচিত।


রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে পুলিশ। সেই তালিকায় এবার যুক্ত হল রীতা গায়েনের নামও। তাঁকে রবিবার আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।