শিলিগুড়িতে প্রার্থী গৌতম দেব, উন্নয়নের ভরসায় মাঠে তৃণমূল

নিজস্ব গ্রাফিক্স চিত্র

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেন এবং শিলিগুড়ির জন্য বেছে নেন বর্তমান মেয়র গৌতম দেবকেই। এই ঘোষণার পরই শিলিগুড়িতে তৃণমূল শিবিরে উৎসাহের ঢেউ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়েছে।

রাজনৈতিক মহলের মতে, অভিজ্ঞ এবং সংগঠনের সঙ্গে গভীরভাবে যুক্ত একজন নেতাকে প্রার্থী করায় তৃণমূল অনেকটাই শক্ত অবস্থানে রয়েছে। প্রার্থীপদ ঘোষণার পর গৌতম দেব বলেন, ‘দলনেত্রী আমার ওপর যে আস্থা রেখেছেন, তা আমি সম্মানের সঙ্গে গ্রহণ করছি। শিলিগুড়ির উন্নয়নই আমাদের মূল লক্ষ্য, আর সেই উন্নয়নের ধারাকেই সামনে রেখে আমরা মানুষের কাছে যাচ্ছি।’

তিনি আরও জানান, নির্বাচনী প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার কাজ চলছে। তৃণমূলের দাবি, শিলিগুড়িতে পরিকাঠামো, নাগরিক পরিষেবা এবং উন্নয়নমূলক কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা গেছে। সেই আস্থাকেই পুঁজি করে এবার ভোটের লড়াইয়ে নামছে শাসকদল।


রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শিলিগুড়িতে লড়াই জমলেও উন্নয়ন এবং অভিজ্ঞ নেতৃত্বের উপর ভর করেই তৃণমূল নিজেদের অবস্থান অনেক বেশি মজবুত করেছে।