সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ-সকলেই খুঁজছেন কাউন্সিলরকে। তিনি যে খুব জনপ্রিয় তেমন নয়। মানুষের স্বার্থে জীবন উৎসর্গ করেছেন এমন ব্যাপারও নয়। তাহলে সকলে খুঁজছেন কেন? আসলে এই কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। তার উপর এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। কলকাতা পুরসভার পদ ছেড়ে নিজেকে সতী প্রমাণ করার চেষ্টা করেছিলেন। দল হারতেই সে কাজ করে এখন তিনি বেপাত্তা। হ্যাঁ, তিনি কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওযার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ।
তাঁকে এলাকায় যেমন দেখা যাচ্ছে না তেমন ফোনও ‘সুইচড অফ’। জোড়া এফআইআরের চাপে গা ঢাকা দিয়েছেন সুশান্ত ঘোষ। রাজ্যে পালাবদল হতেই ১২ নম্বর বরো চেয়ারম্যানের পদ ছেড়ে বিজেপির নেকনজরে পড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি। আর তাই সুশান্ত ঘোষকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। এই আবহে আজ, শুক্রবার বেলদার ওড়িশা সীমানা থেকে কাউন্সিলরের গাড়ি হাতে ধরা পড়েছে। তাঁর গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে।
এখন অভিযোগ উঠছে, পুলিশকে আসতে দেখে পড়শি রাজ্যে রাস্তায় গাড়ি থেকে নেমে গা-ঢাকা দিয়েছেন সুশান্ত ঘোষ। তাঁর গাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে চালক সুজিত চৌধুরীকে। এখন তাঁকে জেরা করা হচ্ছে। জেরায় মুখ খুললে সামনে আসবে সুশান্ত ঘোষের ইতিবৃত্ত। কসবার ১০৮ নম্বর ওয়ার্ডে হকারদের দোকান দেবে বলে টাকা নিয়েছিলেন তিনি। এভাবে প্রায় তিন কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে সুশান্ত ঘোষের বিরুদ্ধে। আনন্দপুর থানায় এই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল হকার্স কমিটির একাংশ সদস্যরা। তার পর থেকেই বেপাত্তা সুশান্ত ঘোষ।
এই পরিস্থিতিতে কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে ফেরার নোটিস জারি করেছে আনন্দপুর থানা। যখন যে অবস্থায় খোঁজ মিলবে, সেখান থেকে সে অবস্থায গ্রেপ্তার করা হবে তাঁকে। পুলিশ সূত্রে খবর, ভিন রাজ্যে পালিয়ে বেড়াচ্ছেন সুশান্ত। ২০২২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বাজারে নতুন টিন ও শাটারের দোকান তৈরি হয়। তখন রীতিমতো রেট চার্ট তৈরি করে সাঙ্গপাঙ্গদের কাজে লাগিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করেছিলেন সুশান্ত বলে অভিযোগ রয়েছে। এই সুশান্ত ঘোষের হদিশ এখনও পায়নি পুলিশ। ২০২৫ সালের ১৫ নভেম্বর নিজের বাড়ির সামনেই সুশান্তকে লক্ষ্য করে গুলি চালায় এক আততায়ী। আততায়ী স্কুটারে চেপে এসেছিল। কিন্তু গুলি চলেনি বলে প্রাণে বাঁচেন সুশান্ত। স্কুটারচালক পালিয়ে গেলেও সুশান্ত এবং তাঁর অনুগামীরাই ধরে ফেলেন ওই শুটার যুবরাজ সিংকে।