আজ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা, থাকছে একাধিক চমক!

প্রতিনিধিত্বমূলক চিত্র

আজ তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হতে চলেছে। বিকেল সওয়া তিনটের সময় কালীঘাটের বাসভবন থেকে প্রার্থীদের নাম ও বিধানসভা কেন্দ্র ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই সূত্রের খবর। তার আগেই দলীয় শিবির থেকে শুরু করে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিশেষ করে নন্দীগ্রাম নিয়ে কী কৌশল নেয় তৃণমূল, তা নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল দেখা দিয়েছে।

ভাবনীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি। ফলে পাল্টা নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তৃণমূল কি স্থানীয় মুখেই ভরসা রাখবে, না কি বড় কোনও চমক দেবে—এই প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে। এবার প্রার্থী তালিকা চূড়ান্ত করা সহজ ছিল না বলেই দলীয় সূত্রের খবর। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে বহু জায়গায় প্রতিষ্ঠান বিরোধিতার চাপ রয়েছে। সেই কারণে বিভিন্ন এলাকায় সমীক্ষা চালিয়ে তবেই চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে।

হুগলি জেলার কথা ধরা যাক। এখানে মোট ১৮টি আসনের মধ্যে অর্ধেকেরও বেশি আসনে প্রার্থী বদলের সম্ভাবনা রয়েছে। পুড়শুড়া, খানাকুল, আরামবাগ ও গোঘাট—এই চারটি আসনে আগেরবার হার হয়েছিল তৃণমূলের। সেই সঙ্গে চুঁচুড়া, শ্রীরামপুর, চণ্ডিতলা, উত্তরপাড়া ও বলাগড়েও নতুন মুখ দেখা যেতে পারে। সপ্তগ্রামে বর্তমান বিধায়ক তপন দাশগুপ্ত প্রার্থী করে নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।


উত্তরপাড়া কেন্দ্র নিয়ে বিশেষ আলোচনা রয়েছে। সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হলেও তিনি শেষ পর্যন্ত রাজি হননি বলে খবর। অন্যদিকে, চুঁচুড়ায় দেবাংশু ভট্টাচার্যের নামও উঠে এসেছে সম্ভাব্য প্রার্থী হিসেবে। প্রবীণ নেতাদের অনেককেই বয়সের কারণে বাদ দেওয়ার পরিকল্পনা থাকলেও শেষমেশ তা পুরোপুরি কার্যকর হয়নি। নির্মল ঘোষ, মদন মিত্রদের মতো নেতারা টিকিট পেতে পারেন বলেই ইঙ্গিত মিলেছে। জ্যোতিপ্রিয় মল্লিকও হাবড়া থেকেই প্রার্থী হতে পারেন।

এবার বেশ কিছু ক্ষেত্রে প্রার্থীদের আসন বদলের সম্ভাবনাও রয়েছে। যেমন অভিনেতা সোহম চক্রবর্তীকে নদিয়ার করিমপুরে প্রার্থী করা হতে পারে বলে শোনা যাচ্ছে। উত্তর কলকাতার বেশ কয়েকটি আসনেও বড় রদবদলের সম্ভাবনা রয়েছে। জোড়াসাঁকো, বেলেঘাটা, এন্টালি ও মানিকতলা— এই সব কেন্দ্রে নতুন মুখ আসতে পারে। কিছু ক্ষেত্রে বর্তমান বিধায়কদের পরিবারের সদস্যদের প্রার্থী করার কথাও ভাবা হচ্ছে।

এছাড়া দলীয় মুখপাত্র কুণাল ঘোষকে উত্তর কলকাতার একটি কেন্দ্রে প্রার্থী করা হতে পারে। ক্রিকেট প্রশাসক বিশ্বরূপ দে-র নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে। টালিগঞ্জ নিয়েও জল্পনা রয়েছে। সেখানে নতুন মুখ হিসেবে পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম শোনা যাচ্ছে। অন্যদিকে, সোনারপুর দক্ষিণে শেষ পর্যন্ত লাভলি মৈত্রকেই প্রার্থী করার সিদ্ধান্ত হতে পারে। বেহালা পূর্ব ও পশ্চিমেও প্রার্থী বদলের সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে তৃণমূলের এবারের প্রার্থী তালিকায় একাধিক চমক থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে চূড়ান্ত ছবি স্পষ্ট হবে তালিকা ঘোষণার পরেই।