বক্সা ছেড়ে অসমে পাড়ি বাঘিনির, নজর রাখছে বন দপ্তর

File Photo

এক মাসও গেল না। তার আগেই বক্সার জঙ্গল ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিল বাঘিনি। বক্সার জঙ্গলে শিকারের জন্য বুনো শুয়োর থেকে শুরু করে হরিণ সবই রয়েছে। কিন্তু পুরুষ সঙ্গী যে নেই। সেই কারণেই হয়তো কুমারগ্রামের রায়ডাক নদী পেড়িয়ে সে ঠাঁই নিয়েছে অসমের রাইমোনা জাতীয় উদ্যানের দিকে।

জানা গিয়েছে, বাঘিনির উপরে নজর রাখতে বক্সা টাইগার রিজার্ভের একটি দলও সেখানে পৌঁছেছে। সেই দলে ট্র্যাঙ্কুলাইজার মাস্টারও রয়েছে। সেই সঙ্গে মানস ও কাজিরাঙ্গা থেকেও বন আধিকারিকেরা রাইমোনা জাতীয় উদ্যানে পৌঁছেছেন। বাঘিনীকে ঘুম পাড়ানি গুলি দিয়ে কাবু করে তাকে বক্সাতে ফিরিয়ে আনা হবে কি না, তার সঠিক কোনও উত্তর দেননি বন কর্তারা।

তবে বন দপ্তর সূত্রের খবর, বাঘিনির উপর নজরদারি রাখার দলে ট্র্যাঙ্কুলাইজার মাস্টার রাখাটা স্বাভাবিক। কারণ বাঘিনি পথ হারিয়ে লোকালয়ে ঢুকে পড়লে তাকে ফের বনাঞ্চলে ফেরাতে ঘুম পাড়ানি গুলি ছুড়ে কাবু করতে হয়। সেই কারণে অনেক সময়েই ট্র্যাঙ্কুলাইজার মাস্টার ওই দলে থাকেন। সেই বিষয়ে বক্সা টাইগার রিজার্ভের এফ ডি কুমার বিমল বলেন, ‘অসমে আমাদের দল রয়েছে। বাঘিনিকে নজর রাখা হচ্ছে।’


রাইমোনা জাতীয় উদ্যানের ডি এফ ও মুস্তাফা আলি আহমেদ বলেন, ‘বক্সা থেকে বাঘিনি রাইমোনাতে এসেছে। সেখানে বক্সা টাইগার রিজার্ভের অফিসাররা রয়েছেন। তাঁরাই ওই বাঘিনির লোকেশন ট্র্যাক করে নজরদারি রাখছেন। ফলে এই মুহূর্তে ওই বাঘিনি রাইমোনা বনাঞ্চলের কোন এলাকায় আছে তা আমার পক্ষে বলা সম্ভব নয়।’

আরও পড়ুন: ইন্টার্নদের ডিউটি নিয়ে টাকার দরাদরি! কাঠগড়ায় কলকাতা মেডিক্যাল কলেজ

উল্লেখ্য, বর্তমান সরকার ২ অক্টোবর বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে ৩ বছর বয়সের বাঘিনিকে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে নিয়ে আসা হয়। বক্সায় বাঘ ফেরাতে বাঘিনিকে একেবারে হারকিউলিস বিমানে উড়িয়ে আনা হয়েছিল। কড়া নিরাপত্তার মোড়কে সেটিকে বক্সায় রাখাও হয়। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে বক্সাতে বাঘিনি ছাড়েন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু এক মাস কাটতে না কাটতেই ভিন রাজ্যে পাড়ি দিল বাঘিনি।