ফের এনক্লোজার ছেড়ে পালাল বছর তিনেকের বাঘিনি। মাত্র পাঁচ দিন আগে আসামের কোকরাঝাড় থেকে ট্রাঙ্কুলাইজ করে তাকে বক্সায় ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু রবিবার দুপুরে রেডিও কলারের সিগন্যাল পরীক্ষা করতে গিয়ে বন দপ্তরের আধিকারিকেরা দেখেন, ঘেরাটোপের বাইরে চলে গিয়েছে সে। কীভাবে প্রায় ২২ হাজার বর্গমিটার সুরক্ষিত এনক্লোজার পেরিয়ে বাঘিনি পালাল, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
বন দপ্তর সূত্রে খবর, রবিবার দুপুর দেড়টা নাগাদ বাঘিনির রেডিও কলারের অবস্থান এনক্লোজারের বাইরে ধরা পড়ে। প্রথমে তার অবস্থান পাওয়া যায় ২৭ মাইল বস্তি সংলগ্ন এলাকায়। এর পর থেকে আর রেডিও কলারের কোনও সংকেত পাওয়া যায়নি। বনকর্তাদের প্রাথমিক ধারণা, কলারটি কোনও ভাবে বিকল হয়ে গিয়েছে। ফলে বাঘিনির বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বন দপ্তর।
বন আধিকারিকদের একাংশের ধারণা, এনক্লোজার নীচের অংশে মাটি খুঁড়ে গর্ত তৈরি করে সে বেরিয়ে গিয়েছে। তবে এই তত্ত্ব নিয়ে সংশয় রয়েছে অন্য অংশের। তাঁদের বক্তব্য, কুকুরজাতীয় প্রাণীরা মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করার চেষ্টা করলেও বিড়ালজাতীয় প্রাণীরা সাধারণত বাধা সরিয়ে বেরোনোর চেষ্টা করে। ফলে এনক্লোজারের নিরাপত্তা ব্যবস্থা এবং নির্মাণের মান নিয়েও প্রশ্ন উঠছে। কোথাও কোনও ফাঁক ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: দেওয়ালিতে মধ্যপ্রদেশে আগুন, দুই পরিবারে আগুন পুড়ে মৃত্যু ১২, বাজির ঘটনায় মৃ্ত্যু আরও ৩৫
বনকর্তাদের একাংশের আরও অনুমান, আসামের জঙ্গলে থাকার সময় কোনও পুরুষ বাঘের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে থাকতে পারে। সেই আকর্ষণেই হয়তো সে ফের আসামের দিকে যাওয়ার চেষ্টা করছে। তাঁদের আশঙ্কা, বালা নদী পেরিয়ে ইতিমধ্যেই আসামমুখী হয়ে থাকতে পারে বাঘিনি। বাঘিনির খোঁজে বড়সড় অভিযান শুরু করেছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ।
রেডিও কলারের সংকেত ধরে তার অবস্থান চিহ্নিত করার চেষ্টা করছেন প্রায় ৬০ জন প্রশিক্ষিত বনকর্মী। অভিযানে নামানো হয়েছে তিনটি কুনকি হাতি, ভরত, সারথি ও ভিট্টালাকে। বনকর্তাদের আশঙ্কা, বাঘিনি যদি রাতের অন্ধকারে সঙ্কোশ নদী পেরিয়ে ফরে আসামের রাইমোনা বনাঞ্চলে ঢুকে পড়ে, তা হলে তাকে উদ্ধার করা আরও কঠিন হয়ে পড়বে।
উল্লেখ্য গত মঙ্গলবার ৩ নভেম্বর আসামের কোকরাঝাড় জেলার দতমা এলাকার গেলাগুড়ি গ্রামের কাছে লৌসা নদীর ধারের ঝোপ থেকে বাঘিনিটিকে উদ্ধার করা হয়েছিল। প্রায় তিন ঘণ্টার অভিযানে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে তাকে কাবু করেন বনকর্মীরা। সেই অভিযানে ব্যবহার করা হয়েছিল তিনটি কুনকি হাতি এবং পাঁচটি জেসিবি মেশিন। পরে বিশেষ গাড়িতে চাপিয়ে তাকে বক্সায় ফিরিয়ে আনা হয়।
আরও পড়ুন: ডিসেম্বরে বাংলাদেশে ফেরার প্রস্তুতি, নতুন পার্সপোর্ট চেয়ে দিল্লির দূতাবাসে চিঠি হাসিনার
আসামের রাইমোনা বনাঞ্চল থেকে বেরিয়ে লোকালয় সংলগ্ন এলাকায় চলে এসেছিল বাঘিনিটি। বন দপ্তর প্রায় আট থেকে দশ দিন ধরে তার গতিবিধির উপর নজর রাখছিল। প্রথমে তাকে ধরার পরিকল্পনা ছিল না। কিন্তু শেষ দু’তিন দিনে লোকালয়ের দিকে তার গতিবিধি বাড়ায় নিরাপত্তার কথা মাথায় রেখে উদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছিলেন বনমন্ত্রী মনোজ ওরাওঁ।
বক্সা ব্যাঘ্র প্রকল্পে দীর্ঘদিন বাঘের অস্তিত্ব না থাকায নতুন করে বাঘের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বন দপ্তর। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে বাঘিনিকে বক্সায় নিয়ে আসা হয়েছিল। গত ২ অক্টোবর মুখ্যমন্ত্রী শুভেন্দু এবং কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে তাকে বক্সার জঙ্গলে ছাড়া হয়।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=89NhuXfrpGw2bKjq” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>