নেপালে সাধারণ নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই। রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আয়োজিত এই নির্বাচনের কথা মাথায় রেখে ভারত-নেপাল সীমান্তের বেশ কয়েকটি অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তারই অংশ হিসেবে শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্তও ৭২ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর গণবিক্ষোভের জেরে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট সরকারের পতন হয়। মূলত তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-দের আন্দোলন ধীরে ধীরে বড় গণআন্দোলনে পরিণত হয়। সেই চাপের মুখেই শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হন ওলি। সেই রাজনৈতিক পরিস্থিতির পরেই এবার দেশে স্থায়ী সরকার গঠনের লক্ষ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নেপালের নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার থেকেই সীমান্তে কড়া নজরদারি শুরু হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই সময় দুই দেশের মধ্যে সাধারণ মানুষের যাতায়াত এবং বাণিজ্যিক কার্যকলাপ পুরোপুরি বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স পরিষেবা চালু রাখা হয়েছে, কারণ নেপাল থেকে প্রতিদিন বহু রোগী চিকিৎসার জন্য ভারতের শিলিগুড়িতে আসেন।
সীমান্ত বন্ধ থাকার কারণে সীমান্তবর্তী এলাকার ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির সম্পাদক দীপক চক্রবর্তীর কথায়, নেপালের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে তবেই সীমান্ত এলাকার ব্যবসা আবার স্বাভাবিক হবে। কারণ, এই অঞ্চলের ব্যবসা অনেকটাই নেপালের ক্রেতাদের উপর নির্ভরশীল।
সীমান্তরক্ষী বাহিনীর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ভারত থেকে নেপালের নাগরিকরা নিজেদের পরিচয়পত্র দেখিয়ে দেশে ফিরতে পারছেন। একইভাবে নেপালে আটকে থাকা ভারতীয় পর্যটক বা শ্রমিকদেরও ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তবে শুক্রবার পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পূর্ণ বন্ধ থাকবে। নির্বাচনকে ঘিরে শিলিগুড়ি মহকুমার সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিভিন্ন জায়গায় মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশি চালানো হচ্ছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী
সমন্বয় রেখে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।
প্রশাসন সূত্রে খবর, আগামী ৬ মার্চ সকাল থেকে আবার সাধারণ মানুষের জন্য পানিট্যাঙ্কি সীমান্ত খুলে দেওয়া হবে। ততদিন পর্যন্ত সীমান্ত এলাকায় সতর্কতা বজায় রাখা হবে।