তিন নেতাকে বহিষ্কার করল আলিপুরদুয়ার জেলা বিজেপি নেতৃত্ব, দুর্গাপুজোর মরশুমে কড়া পদক্ষেপ

BJP Three Leaders Expelled File Photo

এখন দুর্গাপুজোর মরশুম। সেখানে শান্তি-সম্প্রীতি-সৌহার্দ্য বজায় রেখে চলাই কর্তব্য। কিন্তু তার মধ্যেই তাল কেটে গেল। পুলিশ ফাঁড়ির সামনে বিজেপি কর্মীদের মারধরের ঘটনা ঘিরে অশান্তি চরমে উঠল। সেটা মোটেই ভাল চোখে দেখল না আলিপুরদুয়ার জেলা বিজেপি নেতৃত্ব। আর তাই কড়া পদক্ষেপ করল আলিপুরদুয়ার জেলা বিজেপি নেতৃত্ব। এমনকী পরিস্থিতি এমন পর্যায়ে গেল যে, এই ঘটনায় যুক্ত তিনজন নেতাকে বহিষ্কার করা হল। রীতিমতো সাংবাদিক বৈঠক করে বহিষ্কারের কথা ঘোষণা করলেন আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি মিঠু দাস।

রাস্তার মধ্যে প্রকাশ্যে মারামারি মোটেই ভাল বিজ্ঞাপন বহন করে না দলের পক্ষে। আর দল এসব অনুমোদন দেয়ও না। তাই আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি মিঠু দাস জানান, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ পেয়েই ওই তিনজন নেতাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কার করা হয়েছে, জেলার অন্যতম সম্পাদক সুনীল মাহাতো, কুমারগ্রাম ৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক দেবেশ বর্মন এবং কুমারগ্রাম ২ নম্বর অঞ্চলের কনভেনার দিলীপ পাণ্ডে। তবে দলবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে কালচিনি ১ নম্বর মণ্ডলের সভাপতি রাজেশ ছেত্রী এবং জেলা এক্সিকিউটিভ সদস্য রতন রায়কেও বহিষ্কারের কথা ঘোষণা করা হয়েছে।

মারামারির ঘটনা কদিন আগেই ঘটেছিল। কিন্তু শাস্তি দেওয়া হল দুর্গাপুজোর আবহে। কারণ বিষয়টি নিয়ে খোঁজখবর করতে হয়েছিল। তাই খানিকটা সময় লেগে যায়। তবে সব তথ্যপ্রমাণ হাতে নিয়েই শাস্তি দেওয়া হল। কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির সামনে বিজেপি কর্মীদের মারধরের ঘটনা ঘিরে আলোড়ন পড়ে যায়। তাতে নাম জড়ায় এই বিজেপি নেতাদেরই। দলের অন্তর্দ্বন্দ্বের জেরে ওই মারামারি হয়েছিল বলে অভিযোগ। তা নিয়ে বেশ তরজাও চলেছিল। এই ঘটনার প্রেক্ষিতে জেলা বিজেপি নেতৃত্ব অভিযুক্ত নেতাদের চিহ্নিত করে সোজা বহিষ্কারের সিদ্ধান্ত নিল। সাংবাদিক বৈঠক করে দলের এই কঠোর পদক্ষেপের কথা জানিয়ে দিয়ে জেলা সভাপতি মিঠু দাস বুঝিয়ে দিলেন, দলীয় স্তরে কোনও বিশৃঙ্খলতা বরদাস্ত করা হবে না।


তাছাড়া এই ঘটনার মধ্যে দিয়ে বাকিদের কাছেও বার্তা দেওয়া গেল। দলের গাইডলাইন মেনে চলতে হবে। আগে বেশ কয়েকবার দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বার্তা দিয়েছেন, শাসকদলের নাম ভাঙিয়ে কোথাও কোনওরকম গা-জোয়ারি দেখানো চলবে না। ঔদ্ধত্য কিংবা বিশৃঙ্খলতাও বরদাস্ত করা হবে না। তেমন অভিযোগ পেলেই দল কঠোর ব্যবস্থা নেবে। তাঁর সেই নির্দেশ অনুসরণ করেই জেলায় দলের তিন নেতাকে বহিষ্কার করলেন আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি।