এবার জেলা থেকে মিলবে সুপ্রিম কোর্টের সুবিধা

প্রতিনিধিত্বমূলক চিত্র

দেশের সর্বোচ্চ আদালতের বিচারপ্রক্রিয়ায় অংশ নিতে আর সাধারণ মানুষকে বারবার দিল্লি ছুটতে হবে না। বিচারব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দ্রুত মামলার নিষ্পত্তির লক্ষ্যে সুপ্রিম কোর্ট এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে, যার নাম ‘সমাধান সমারোহ’। ‘সুপ্রিম কোর্ট অ্যাকশন ফর মিডিয়েটেড অ্যাডজুডিকেশন অ্যান্ড ডিসপিউটস হারমোনাইজেশন অ্যাক্রস নেশন’—সংক্ষেপে ‘সমাধান’—এই কর্মসূচির মাধ্যমে সুপ্রিম কোর্টে বিচারাধীন বহু মামলার বন্ধুত্বপূর্ণ ও দ্রুত সমাধানের পথ খুলে দেওয়া হয়েছে।

২০২৬ সালের ২১ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই উদ্যোগের চূড়ান্ত পর্ব হিসেবে আগামী ২১, ২২ ও ২৩ আগস্ট বিশেষ ত্রি-দিবসীয় লোক আদালতের আয়োজন করা হবে। এই বিশেষ আদালতের মূল উদ্দেশ্য হল, বিচারব্যবস্থার দীর্ঘসূত্রিতা কমানো এবং সাধারণ মানুষের কাছে আইনি প্রক্রিয়াকে আরও সহজ ও গ্রহণযোগ্য করে তোলা। এখানে বাদী ও বিবাদী—উভয় পক্ষের সম্মতি ও আলোচনার ভিত্তিতে মামলার মীমাংসা করা হবে। ফলে একদিকে যেমন সময় ও অর্থ সাশ্রয় হবে, অন্যদিকে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বহু মামলার চাপও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য মামলাকারী, আইনজীবী ও সংশ্লিষ্ট পক্ষগুলিকে আহ্বান জানানো হয়েছে। বিশেষত্ব হল, পক্ষগুলি চাইলে নির্ধারিত কেন্দ্রে সরাসরি উপস্থিত হতে পারবেন, আবার আধুনিক প্রযুক্তির সাহায্যে অনলাইন মাধ্যমেও ভার্চুয়ালি যুক্ত হয়ে মামলার শুনানিতে অংশ নিতে পারবেন। পশ্চিম মেদিনীপুর জেলার ইতিমধ্যেই আটটি মামলা এই বিশেষ লোক আদালতের জন্য চিহ্নিত হয়েছে।


সাধারণ মানুষের মনে দীর্ঘদিন ধরে ধারণা ছিল, সুপ্রিম কোর্ট মানেই সময়সাপেক্ষ ও ব্যয়বহুল বিচারপ্রক্রিয়া। ‘সমাধান সমারোহ’ সেই ধারণা বদলে দিয়ে বিচারব্যবস্থাকে মানুষের আরও কাছে এনে দিচ্ছে। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের এই উদ্যোগে নতুন আশার আলো দেখছেন জেলাবাসী। আগামী আগস্টে ঘরে বসেই দেশের সর্বোচ্চ আদালতের পরিষেবা পাওয়ার সুযোগ নিঃসন্দেহে ভারতের বিচারব্যবস্থার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে থাকবে।