এখনও মেলেনি ‘অন্নপূর্ণা’-র টাকা, বিক্ষোভ মহিলাদের

Photo: Statesman

রাজ্যে পালাবদলের পরে বিজেপি নিজেদের দেওয়া একের পর এক প্রতিশ্রুতি রাখতে শুরু করেছে। ইতিমধ্যেই বিজেপি নিজেদের প্রতিশ্রুতিমতো বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প শুরু করেছে। তবে তার মধ্যে অন্যতম হল অন্নপূর্ণা ভাণ্ডার। চলতি বছরে জুলাই মাসের শুরু থেকেই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে। কিন্তু এখনও পর্যন্ত এই প্রকল্পে আবেদনকারী বেশিরভাগ মহিলার অ্যাকাউন্টেই এই প্রকল্পের টাকা ঢোকেনি। আর সেই জন্যই রবিবার নদিয়ায় শান্তিপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে পুরকর্মীর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা।

জুলাই মাসের প্রথম ধাপে ১ কোটি ২০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকে গিয়েছে। এই প্রকল্পে আবেদনকারী বাকিদের তথ্য যাচাইয়ের পরে তাঁদের অ্যাকাউন্টেও ধীরে ধীরে টাকা ঢুকতে শুরু করবে। কিন্তু তার আগেই টাকা না পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলেন মহিলারা। রবিবার শান্তিপুর পুরসভার ইনকোয়ারি অফিসারের বাড়ির সামনে মহিলারা বিক্ষোভ দেখান।

মহিলাদের অভিযোগ, বেছে বেছে টাকা দেওয়া হচ্ছে। যাঁরা ন্যায্য প্রাপক তাঁরা টাকা পাচ্ছেন না বলে দাবি তুলেছেন। শান্তিপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনুপ বন্দ্যোপাধ্যায় শান্তিপুর পুরসভায় কাজ করেন। সেই সঙ্গে তিনি ১৩ নম্বর ওয়ার্ডের ইনকয়ারি অফিসারও। এলাকার মানুষের অভিযোগ, তিনি ইনকোয়ারি করে বেছে বেছে কয়েকজনকে টাকা দিচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যাঁরা যোগ্য, তাঁদের টাকা দেওয়া হচ্ছে না। অন্যদিকে, অযোগ্যরা আগে টাকা পেয়ে যাচ্ছেন।


মূলত এই দাবি নিয়ে এদিন তাঁরা বিক্ষোভ দেখান। যদিও ইনকোয়ারি অফিসার অনুপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ অনলাইনে ফর্ম ফিলাপ করেছে। কেউ অফলাইনে ফর্ম ফিলাপ করেছে। আমরা নিজেদের মত নিজেরা কাজ করছি। কয়েকজনের আবার রিজেক্ট দেখিয়েছে। তবে কী কারণে রিজেক্ট দেখাল এবং কেন সবাই একসঙ্গে টাকা পাচ্ছে না এটা আমার দ্বারা বলা সম্ভব না। সেই কারণে সকলকে বললাম পুরসভায় আমার উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন। মঙ্গলবার তাঁদের সঙ্গে দেখা করতে। তাঁরাই এই বিষয়টি বিশদে বলতে পারবে।’