বর্ষা শুরু হতেই কলকাতায় জল জমা ও নিকাশি সংক্রান্ত সমস্যার আশঙ্কা ফের দেখা দিয়েছে। যদিও কলকাতা পুরসভার দাবি, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বিভিন্ন দপ্তরকেও সতর্ক করা হয়েছে। মঙ্গলবারের বৃষ্টিতে শহরের একাধিক জায়গায় গাছ পড়লেও জল জমার ঘটনা সেভাবে চোখে পড়েনি। পুর প্রশাসকের কথায়, শহরের ভৌগোলিক অবস্থান ও বহু পুরনো পরিকাঠামোর কারণে প্রবল বৃষ্টিতে কিছু এলাকায় জল জমার সম্ভাবনা থেকেই যায়।


তবে কোন কোন এলাকায় সমস্যা বেশি হতে পারে, তা আগেই চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।পুরসভার মতে, উত্তর কলকাতার ঠনঠনিয়া সংলগ্ন এলাকা এবং ভিআইপি রোড-বিমানবন্দর চত্বর বর্ষাকালে সবচেয়ে বেশি নজরদারিতে রাখা হচ্ছে। ভারী বৃষ্টির সময় এই এলাকাগুলিতে দ্রুত জল জমে যাওয়ার প্রবণতা রয়েছে। বিশেষ করে উত্তর কলকাতার বেশ কিছু অঞ্চলে পুরনো নিকাশি ব্যবস্থা থাকায় চ্যালেঞ্জ আরও বেশি।
একইসঙ্গে শহরকে পরিচ্ছন্ন রাখতে বিশেষ কর্মসূচিও চালু করেছে কলকাতা পুরসভা। বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত সাফাই অভিযান চলছে বলে জানিয়েছেন কমিশনার। বিভিন্ন এলাকায় এর ইতিবাচক ফল মিলেছে বলেও জানা গিয়েছে। কলকাতার নিকাশি ব্যবস্থা দীর্ঘদিনের পুরনো। ব্রিটিশ আমলে তৈরি ভূগর্ভস্থ নর্দমা ও খাল ব্যবস্থার উপর এখনও শহরের বড় অংশ নির্ভরশীল। সেই পরিকাঠামোকে সচল রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলছে বলে পুরসভা সূত্রে খবর।
বর্ষাকালে নিকাশি ব্যবস্থা সচল রাখতে আধুনিক যন্ত্রপাতিও ব্যবহার করা হচ্ছে। নর্দমা ও পাইপলাইনে জমে থাকা কাদা ও আবর্জনা পরিষ্কারের জন্য বিশেষ মেশিন প্রস্তুত রাখা হয়েছে। এর ফলে জল দ্রুত নামাতে সুবিধা হবে বলে মনে করছে পুর কর্তৃপক্ষ।
পুরসভা সূত্রে খবর, ঠনঠনিয়া ছাড়াও হরিশ মুখার্জি রোড এলাকাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেখানে জল জমার সমস্যা কমাতে পৃথক পরিকল্পনা নিয়ে কাজ করছে পুরসভা।