আজ শুভেন্দুর সরকারের প্রথম বাজেট পেশ

আজ বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্য বাজেট। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি সরকারের এটাই প্রথম বাজেট। দুপুর ১২টায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশ করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের এই বাজেটকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা যথেষ্ট বেশি। বিশেষ করে রাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধার, নতুন শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ, কৃষিক্ষেত্রের উন্নয়ন এবং পরিকাঠামো সম্প্রসারণে সরকার কী ধরনের পরিকল্পানা ও ঘোষণা করে,সেদিকেই রয়েছে সবার নজর।

নির্বাচনী সংকল্পপত্রে বিজেপি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, তার মধ্যে সবচেয়ে বেশি নজর রয়েছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ-র উপর। দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে আন্দোলন চলছে। তাই বাজেটে ডিএ সংক্রান্ত কোনও বড় ঘোষণা আসে কি না, সেদিকেই তাকিয়ে সরকারি কর্মচারী মহল।

একইসঙ্গে নজরে রয়েছে মহিলাদের জন্য আর্থিক সহায়তা, প্রবীণদের ভাতা, কৃষকদের সহায়তা বৃদ্ধি, যুবকদের কর্মসংস্থান এবং নতুন শিল্প বিনিয়োগের মতো বিষয়গুলি। নির্বাচনের আগে বিজেপি দাবি করেছিল, সরকারি প্রকল্পগুলিকে আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করা হবে। সেই লক্ষ্য পূরণে জনকল্যাণ শিবির, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা এবং সরাসরি পরিষেবা প্রদানের জন্য অতিরিক্ত বরাদ্দ হতে পারে বলেই মনে করা হচ্ছে।


পরিকাঠামো উন্নয়নও বাজেটের অন্যতম কেন্দ্রবিন্দু হতে পারে। শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষিক্ষেত্রেও প্রত্যাশা কম নয়। কৃষক সম্মান, সেচ ব্যবস্থা, ফসল সংরক্ষণ, মৎস্যচাষ এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন প্রকল্প বা অতিরিক্ত বরাদ্দের আশা করছেন সাধারণ মানুষ।