বক্সা ব্যাঘ্র প্রকল্পে বারবার খাঁচা থেকে পালিয়ে যাওয়া বাঘিনিকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তার শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বক্সায় নিয়ে আসার আগেই সে অন্তঃসত্ত্বা ছিল বলে জানা গিয়েছে। এমনকি তার গর্ভে থাকা প্রায় তিন মাসের তিনটি শাবক নষ্ট হয়ে গিয়েছে বলে খবর।
বিষয়টি খতিয়ে দেখছেন বন দপ্তরের আধিকারিকরা। বর্তমানে চুনিয়া ওয়াচ টাওয়ারের কাছে তার অবস্থান বলে বন দপ্তর সূত্রের খবর। ভুটান সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার এবং আসামের রাইমোনা বনাঞ্চল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রয়েছে বাঘিনিটি। তাকে বাংলার বনাঞ্চলে আটকে রাখতে এলাকায় কুনকি হাতি মোতায়েন করা হয়েছে। বন দপ্তরের আধিকারিকরাও পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন।
আরও পড়ুন: লস্করের স্থানীয় মুখ লতিফ! কুলগাম থেকে অনন্তনাগ, একের পর এক হামলায় নাম, কে এই জঙ্গি?
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে তিন বছর বয়সি বাঘিনিটিকে ঘুমপাড়ানি গুলি করে ধরা হয়। ৩০ সেপ্টেম্বর তাকে বক্সার ২৫ মাইল এলাকায় প্রায় সাত বিঘা জমিতে তৈরি বিশেষ ঘেরাটোপে রাখা হয়েছিল। ২ অক্টোবর ঘেরাটোপের দরজা খুলে দেওয়া হলেও বাঘিনি বাইরে আসেনি। দু’দিন পর সেখান থেকে বেরিয়ে সংকোশ নদী পেরিয়ে আসামের রাইমোনা বনাঞ্চলে চলে যায়।
এরপর ৩ নভেম্বর আসামের কোকরাঝাড় সংলগ্ন এলাকা থেকে ফের তাকে ঘুমপাড়ানি গুলি করে ধরা হয়। বক্সায় ফিরিয়ে এনে পুরনো ঘেরাটোপেই রাখা হয়েছিল। পাঁচদিন পর গত রবিবার ফের সেখান থেকে বেরিয়ে পড়ে সে। এবারও তার গতিবিধি আসামের দিকেই বলে মনে করছেন বন আধিকারিকরা।
বন দপ্তরের দাবি, বাঘিনির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ৩ নভেম্বর তাকে ধরার পর জানা যায়। কিন্তু তার আগেই গর্ভস্থ শাবকদের ক্ষতি হয়ে থাকতে পারে। জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের প্রধান সঞ্জয় কুমারও বিষয়টি নজরে আসার কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। বাঘিনির শারীরিক অবস্থা এবং গর্ভস্থ শাবকদের পরিণতি জানতে আরও বিস্তারিত পরীক্ষা প্রয়োজন। এজন্য দিল্লি থেকে আনা হয়েছে তদন্তকারী দল।
এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পে থাকাকালীন আগে থেকেই বাঘিনির শারীরিক পরীক্ষা করা হলে তার অন্তঃস্বত্ত্বা হওয়ার বিষয়টি নজরে আসতো। সেক্ষেত্রে ওই বাঘিনিকে বক্সায় পাঠানোর আগে সাবধানতা অবলম্বন করা যেত। বিশেষ করে তাকে ধরার জন্য ঘুম পাড়ানোর গুলি না করে অন্য উপায় অবলম্বন করা যেত বলে মনে করা হচ্ছে। তাহলে হয়তো তার তিন শাবকের ক্ষতি হতো না।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=Rd1CgdRbThFBwYHn” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>