ন্যাশনাল ই-বিদান অ্যাপ্লিকেশন(NeVA) প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ বিধানসভাকে সম্পূর্ণ ডিজিটাল করতে ১০০ শতাংশ আর্থিক সাহায্য দেবে কেন্দ্রীয় সরকার। শুক্রবার নিউটাউনে পশ্চিমবঙ্গের বিধায়কদের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনের ফাঁকে সাংবাদিকদেরর এ কথা জানান কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।
রিজিজু জানান, এই প্রকল্প বাস্তবায়নের জন্য কেন্দ্র ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে একটি সমঝোতা মউ স্বাক্ষর করেছে। তিনি বলেন, “সংসদ বিষয়ক মন্ত্রকের তরফে ‘ওয়ান নেশন, ওয়ান অ্যাপ্লিকেশন’ উদ্যোগের অধীনে পশ্চিমবঙ্গ বিধানসভাকে সম্পূর্ণ ডিজিটাল করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে ১০০ শতাংশ আর্থিক অনুদান দিচ্ছে কেন্দ্রীয় সরকার।“
কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, নেভা চালু হলে বিধানসভার কাজকর্ম আরও দ্রুত, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর হবে। বিধায়কেরা ডিজিটাল মাধ্যমে অধিবেশনের কার্যসূচি, বিল, নথি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সহজেই পারবেন। রিজিজুর কথায়, ‘এখন আর তথ্য খুঁজে পেতে সদস্যদের অসুবিধায় পড়তে হবে না। একটি ক্লিকেই বিধানসভার প্রয়োজনীয় সমস্ত তথ্য তাঁদের হাতের নাগালে পৌঁছে যাবে।‘
ওরিয়েন্টেশন কর্মসূচির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতি নির্বাচনের পর পশ্চিমবঙ্গ বিধানসভায় উল্লেখযোগ্য সংখ্যক নতুন বিধায়ক নির্বাচিত হয়েছেন। তাঁদের সংসদীয় প্রক্রিয়া, বিধানসভার কার্যপদ্ধতি এবং আইন প্রণয়নের বিভিন্ন দিক সম্পর্কে সম্যক ধারণা দিতেই এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েচে। তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ বিধানসভার দীর্ঘ ও গৌরবময় ঐতিহ্য রয়েছে। এই প্রতিষ্ঠানের প্রতি আমার বিশেষ শ্রদ্ধা রয়েছে।‘
বিধানসভার বিতর্ক ও আলোচনার মানোন্নয়নের উপর জোর দিয়ে রিজিজু বলেন, ‘আমরা চাই এই বিধানসভায় উচ্চমানের আলোচনা হোক, সেখান থেকে মানুষের কল্যাণে কার্যকর আইন প্রণয়ন হোক এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ গড়ে উঠুক গঠনমূলক গণতান্ত্রিক বিতর্কের মাধ্যমে।‘
এই অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী এবং বিধানসভার স্পিকারের আমন্ত্রণেই তিনি এখানে এসেছেন। তাঁর মতে, বিশেষ করে বিধায়কদের জন্য এই ওরিয়েন্টেশন কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ হবে।
শুক্রবার নিউটাউনের কনভেনশন সেন্টারে আয়োজিত এই দুদিনের কর্মসূচির উদ্বোধন করেন লোকসভার স্পিকার ওম বিড়লা, মুথ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা। লোকসভা সচিবালয়ের অধীনস্থ পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসিস এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে এই ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে।