বৃহত্তর বাম ঐক্যের ডাক লিবারেশনের

প্রতীকী ছবি (File Photo: Twitter | @CPIM_WESTBENGAL)

আসন্ন বিধানসভা ভোটের আগে বৃহত্তর বাম ঐক্যের ডাক দিলেন সিপিআই(এম-এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। দলের রাজ্য দপ্তরে বৈঠকের পর তিনি বলেন, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ও সাম্প্রদায়িক মেরুকরণ—দু’টোই উদ্বেগের বিষয়। বিজেপির ‘চক্রান্ত’ ও তৃণমূলের ‘অপশাসন’-এর বিরুদ্ধে বাম দলগুলিকে একসঙ্গে লড়াইয়ের আহ্বান জানান তিনি।

নির্বাচনকেও বৃহত্তর আন্দোলনের অংশ বলে মন্তব্য করেন দীপঙ্কর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে বাংলাদেশ প্রসঙ্গে উত্তেজনা ছড়ানোর কথাও বলেন। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়েও কেন্দ্রকে নিশানা করে তিনি দাবি করেন, এ ধরনের নীতি দেশের স্বার্থবিরোধী।