রোগী মৃত্যু ঘিরে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভাঙচুর, উত্তেজনা

কল্যাণীর জেএনএম হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার জেরেই মৃত্যু হয়েছে ৭১ বছরের মহম্মদ মণ্ডলের। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ পরিজনেরা হাসপাতালে ভাঙচুর চালায় এবং দোষীদের শাস্তির দাবিতে সরব হন।

জানা গিয়েছে, নদিয়ার চাকদহ থানার শিমুরালি মোল্লাপাড়া এলাকার বাসিন্দা মহম্মদ মণ্ডল গত বৃহস্পতিবার জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরিবারের দাবি, চার-পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি এবং চিকিৎসকের পরামর্শেই তাঁকে ভর্তি করা হয়।

কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রায় দেড় দিন কোনও সঠিক চিকিৎসা পাননি বলে অভিযোগ। আরও দাবি, কোনও অভিজ্ঞ বা সিনিয়র চিকিৎসক তাঁকে দেখতে আসেননি; বরং ইন্টার্ন চিকিৎসকেরাই তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন।


পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাত, প্রায় দু’টো নাগাদ তাঁকে ওষুধ দেওয়া হয়। এরপর কিছু সময়ের জন্য পরিবারের সদস্যরা নিচে গেলে, ফিরে এসে দেখেন রোগীর মৃত্যু হয়েছে। একই ওয়ার্ডে আরও তিনজন রোগীর মৃত্যুর ঘটনাও সামনে এসেছে, যদিও তাদের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

মৃতের ছেলে সাইফুল মণ্ডল ও মেয়ে আম্বিয়া মণ্ডল অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে ভুল ওষুধ প্রয়োগের ফলেই তাঁদের বাবার মৃত্যু হয়েছে। ঘটনার সঠিক তদন্ত এবং দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার।