শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে কিছুটা নিচে। তবে পূর্বাভাস বলছে, মার্চের প্রথম সপ্তাহেই শহরের তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। ফলে দোল উৎসবের সময় দক্ষিণবঙ্গ জুড়ে গরম যথেষ্ট জাঁকিয়ে বসার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে এখনও মনোরম আবহাওয়া বজায় রয়েছে। দার্জিলিং ও কালিম্পং-সহ পাহাড়ি জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে। পাশাপাশি সিকিমে তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে রবিবারের পর থেকে বৃষ্টির প্রভাব কিছুটা কমতে পারে বলে অনুমান।
এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর অঞ্চলে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পাশাপাশি জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়াবিদদের মতে, সোমবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। এই একাধিক আবহাওয়াগত প্রভাবের জেরেই রাজ্যের আবহাওয়া এখন কিছুটা খামখেয়ালি রূপ নিয়েছে।