ডা. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি পক্ষ উপলক্ষে মঙ্গলবার এক আলোচনা সভার আয়োজন করল বঙ্গবাসী কলেজ। কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল ডা. তথাগত রায়, পরিবেশবিদ ও উদ্বাস্তু অধিকার কর্মী ডা. মোহিত রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা ডা. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, আদর্শ এবং বাংলার প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে দেশের শিক্ষা, জাতীয়তাবাদী ভাবনা এবং বাংলার স্বার্থরক্ষায় তাঁর ভূমিকার ওপর আলোকপাত করেন ডা. তথাগত রায়।
অনুষ্ঠানে বঙ্গবাসী কলেজের অধ্যক্ষা ডা. হিমাদ্রি ভট্টাচার্য চক্রবর্তী বলেন, ‘ডা. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলার প্রতি অবদান অনস্বীকার্য। আমরা চাই, তাঁর চিন্তাভাবনা ও আদর্শ নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যেও পৌঁছে যাক। সেই লক্ষ্যেই এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।’
কলেজ কর্তৃপক্ষের দাবি, শুধুমাত্র স্মরণ নয়, ইতিহাস ও সমাজজীবনে ডা. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান সম্পর্কে ছাত্রছাত্রীদের আরও সচেতন করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।