অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ঘোষণা শুভেন্দুর

প্রতিনিধিত্বমূলক চিত্র

পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ঘোষণা করল নতুন বিজেপি সরকার। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র আওতার বাইরে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে এবং সরাসরি সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় সরকার গত বছরই এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছিল। কিন্তু আগের সরকার তা কার্যকর করেনি। এবার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই আইন বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার উত্তরবঙ্গ সফর সেরে নবান্নে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএসএফ আধিকারিকেরাও। এদিন সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে ২৭ কিলোমিটার জমি হস্তান্তরের কথাও ঘোষণা করেছেন তিনি।

এরপরই অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিয়ে শুভেন্দু বলেছেন, ‘বিএসএফের সঙ্গে সমন্বয় রেখে রাজ্য ও দেশের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভারত সরকারের পক্ষ থেকে ২০২৫ সালের ১৪ মে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিএসএফের হাতে তুলে দেওয়ার নির্দেশিকা পাঠানো হয়েছিল। আগের সরকার একদিকে সিএএ-র বিরোধিতা করেছে, অন্যদিকে আইন কার্যকর করেনি। আজ থেকে আমরা তা কার্যকর করছি।’


কারা এই আইনের আওতায় থাকবেন, তা নিয়েও বিস্তারিত ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, সিএএ অনুযায়ী নির্দিষ্ট সাতটি সম্প্রদায়ের মানুষ নাগরিকত্বের সুরক্ষা পাবেন। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা এ রাজ্যে এসেছেন এবং আইনের আওতায় পড়েন, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না।

তবে যাঁরা সিএএ-র অন্তর্ভুক্ত নন, তাঁদের ‘সম্পূর্ণ অবৈধ অনুপ্রবেশকারী’ বলে উল্লেখ করে শুভেন্দু জানিয়েছেন, রাজ্য পুলিশ তাঁদের গ্রেপ্তার করবে এবং বিএসএফের হাতে তুলে দেবে। পরে সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

মুখ্যমন্ত্রী এই নীতিকে ‘ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, সীমান্ত সংলগ্ন থানাগুলিতে অবিলম্বে এই প্রক্রিয়া কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যের ডিজি এবং মুখ্যসচিবকেও প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।