নন্দীগ্রাম কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা শুভেন্দু অধিকারীর

প্রতিনিধিত্বমূলক চিত্র

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় নির্ধারিত নিয়ম মেনেই শুক্রবার নবনিযুক্ত স্পিকার রথীন্দ্র বসুর কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি পদ ছাড়ার নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুসারেই মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম কেন্দ্রের বিধায়ক পদ থেকে সরে দাঁড়ালেন।

প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। সেই কারণে সাংবিধানিক নিয়ম মেনে তাঁকে একটি নির্দিষ্ট বিধায়ক পদ বেছে নিতে হয়েছে। সেজন্য শুক্রবার বিধানসভায় গিয়ে স্পিকার রথীন্দ্র বসুর হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছেন তিনি।

রাজনৈতিক মহলে এই পদক্ষেপকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, নন্দীগ্রাম কেন্দ্র দীর্ঘদিন ধরেই রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত কেন্দ্র। শুভেন্দুর ইস্তফার ফলে সেখানে উপনির্বাচনের সম্ভাবনাও তৈরি হল। তবে এখনও পর্যন্ত উপনির্বাচনের দিন ঘোষণা হয়নি। নির্বাচন কমিশনের তরফে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে সূত্রের খবর।


এ দিন বিধানসভায় নতুন স্পিকার রথীন্দ্র বসুকেও শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। বিধানসভার কার্যপ্রণালী গঠনমূলক ভাবে পরিচালিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।