পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার গঠনের জল্পনা ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার পর এখন সব নজর নতুন সরকার গঠনকে কেন্দ্র করে। রাজনৈতিক সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদে প্রায় নিশ্চিতভাবেই এগিয়ে রয়েছেন বিজেপির অন্যতম প্রধান মুখ শুভেন্দু অধিকারী। দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পর তাঁর হাতেই বাংলার প্রশাসনিক দায়িত্ব তুলে দিতে চলেছে দল, এমনটাই মনে করা হচ্ছে।
শুধু মুখ্যমন্ত্রী নয়, নতুন সরকারে গুরুত্বপূর্ণ চমক হিসেবেও উঠে আসছে উপমুখ্যমন্ত্রী পদ। সূত্রের দাবি, এবার বাংলায় দু’জন উপমুখ্যমন্ত্রী নিয়োগ করতে পারে বিজেপি। গত দুই দশকে রাজ্যে কোনও উপমুখ্যমন্ত্রী ছিল না। বাম আমলে জ্যোতি বসুর সরকারে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য এই পদে ছিলেন শেষ ব্যক্তি।
দলীয় সূত্রে খবর, সম্ভাব্য দুই উপমুখ্যমন্ত্রীর মধ্যে একজন হতে পারেন মহিলা নেতা। সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের জয়ী বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তাঁকে বাংলার প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী করা হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে একজন নেতাকে এই পদে আনার কথাও ভাবা হচ্ছে। শিলিগুড়ি কেন্দ্রের জয়ী প্রার্থী শঙ্কর ঘোষের নাম সেই তালিকায় উঠে আসছে।
রাজনৈতিক মহলে আলোচনা আরও বেড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক বৈঠক ঘিরে। কলকাতায় তিনি পৃথকভাবে অগ্নিমিত্রা পাল ও শঙ্কর ঘোষের সঙ্গে বৈঠক করেন বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, সম্ভাব্য উপমুখ্যমন্ত্রী পদ নিয়েই সেখানে আলোচনা হয়েছে।
এদিকে শুক্রবার সন্ধ্যায় বিজেপির জয়ী বিধায়কদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকেই বিধানসভা দলনেতা নির্বাচন করা হবে। রাজনৈতিক সূত্রের খবর, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করতে পারেন। পরে বিধায়কদের সমর্থনের ভিত্তিতে তা অনুমোদিত হবে।
নতুন মন্ত্রিসভার অন্য সদস্যদের নাম নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে। কারণ আগামীকালই কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই সেই অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
সূত্রের খবর, অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব। সাম্প্রতিক নির্বাচনে বড় জয়ের পর এই অনুষ্ঠানকে শক্তিপ্রদর্শনের মঞ্চ হিসেবেও ব্যবহার করতে চাইছে বিজেপি।