মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে এখনও ৪৩টি দপ্তর

প্রতিনিধিত্বমূলক চিত্র

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোটে ক্ষমতায় আসার পর গত ৯ মে শপথ নিয়েছে নতুন সরকার। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা সহ আরও পাঁচ মন্ত্রী শপথ নিয়েছেন। কিন্তু এখনও রাজ্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হয়নি। প্রায় ৪৩টি দপ্তর থেকে গিয়েছে মুখ্যমন্ত্রীর হাতে। তাঁর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে।

স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, শিল্প, পরিবহন, পূর্ত-সহ বহু গুরুত্বপূর্ণ দপ্তরের রাশ রয়েছে শুভেন্দু অধিকারীর কাছেই। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কবে রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হবে। একইসঙ্গে জল্পনা শুরু হয়েছে, ভবিষ্যতেও কি মুখ্যমন্ত্রী নিজের হাতে স্বরাষ্ট্র-সহ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর রেখে দেবেন?

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, প্রশাসনের উপর সরাসরি নিয়ন্ত্রণ বজায় রাখতেই আপাতত একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর নিজের হাতে রেখেছেন শুভেন্দু অধিকারী। নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনিক পুনর্গঠন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান এবং বিভিন্ন দপ্তরে নীতি পরিবর্তনের কাজ শুরু হয়েছে। সেই কারণেই প্রথম পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির উপর মুখ্যমন্ত্রীর সরাসরি নজরদারি থাকছে বলে মনে করা হচ্ছে।


অন্যদিকে, বিরোধীদের একাংশের দাবি, এখনও পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন না হওয়ায় প্রশাসনিক কাজে ধীরগতি তৈরি হতে পারে। যদিও বিজেপি শিবিরের দাবি, খুব শীঘ্রই বাকি মন্ত্রীদের নাম ঘোষণা করা হবে এবং পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন সম্পূর্ণ হবে।

রাজনৈতিক মহলের একাংশ আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক ধরনকেও সামনে আনছেন। তৃণমূল আমলে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন স্বরাষ্ট্র-সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর নিজের হাতে রেখেছিলেন। শুভেন্দু অধিকারীও কি একই পথে হাঁটবেন, তা নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে।