পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার গঠনের পর অবশেষে শুরু হল মন্ত্রিসভার দপ্তর বণ্টন। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বিভিন্ন দপ্তরের দায়িত্ব ভাগ করে দিয়েছেন। বিগ্রেডের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল-সহ মোট পাঁচ জন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তবে সে সময় কার হাতে কোন দপ্তর যাচ্ছে, তা ঘোষণা করা হয়নি। সোমবার সেই জল্পনার অবসান ঘটল।
নতুন মন্ত্রিসভায় উত্তরবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। তাঁকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পাশাপাশি রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গে বিজেপির সংগঠন আরও শক্তিশালী করতে তাঁর উপর বড় ভরসা রাখছে দল।
বিজেপির রাজ্য রাজনীতির অন্যতম পরিচিত মুখ দিলীপ ঘোষকে দেওয়া হয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্ব। পাশাপাশি তাঁর হাতে থাকছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরও। গ্রামীণ প্রশাসন ও পঞ্চায়েত ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র তাঁর হাতে যাওয়ায় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী দিনে গ্রামীণ পরিকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
অশোক কীর্তনীয়াকে খাদ্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের রেশন ব্যবস্থা এবং খাদ্য সরবরাহ ব্যবস্থার দায়িত্ব এখন তাঁর কাঁধেই থাকছে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যুক্ত এই দপ্তরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে, অগ্নিমিত্রা পলকে নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পুর বিষয়ক দপ্তরের দায়িত্বও সামলাবেন তিনি। মহিলা নিরাপত্তা, শিশু সুরক্ষা এবং শহরাঞ্চলের প্রশাসনিক উন্নয়ন— এই তিন ক্ষেত্রেই তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
আদিবাসী সমাজের প্রতিনিধিত্বকারী মুখ ক্ষুদিরাম টুডুকে আদিবাসী উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটন দপ্তরের দায়িত্বও তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে। জঙ্গলমহল এবং আদিবাসী অধ্যুষিত এলাকার উন্নয়নে তাঁর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টনের পরে প্রশাসনিক কাজকর্ম দ্রুত গতিতে এগোবে বলেই মনে করছে নবান্নের একাংশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই প্রশাসনিক বৈঠকে ‘কথা কম, কাজ বেশি’-র বার্তা দিয়েছেন। সেই আবহেই এবার দায়িত্ব পেলেন নতুন মন্ত্রীরা।