প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পরাজয়ের পরই সরব ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। সমাজমাধ্যমে তিনি সরাসরি অভিযোগ তুলেছেন, লিয়োনেল মেসির কলকাতা সফরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার জন্য দায়ী তৎকালীন ক্রীড়ামন্ত্রীই। গত ডিসেম্বরে যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বহু টাকা খরচ করেও দর্শকরা মেসিকে দেখতে না-পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে মাঝপথেই অনুষ্ঠান ছেড়ে চলে যান মেসি। ঘটনার পর আয়োজক হিসেবে শতদ্রু দত্তকে গ্রেপ্তারও করা হয়, যদিও পরে তিনি জামিন পান।
এদিন শতদ্রু দাবি করেছেন, প্রশাসনিক চাপেই তাঁকে একাধিক সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছিল, যা শেষ পর্যন্ত অনুষ্ঠানের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। তাঁর কথায়, তাঁকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছিল। এমনকি ৩৮ দিন জেলে কাটানোর কথাও উল্লেখ করে তিনি জানিয়েছেন, এতদিন পরিবারকে রক্ষা করতেই চুপ ছিলেন। অরূপ বিশ্বাসের পরাজয়ের প্রসঙ্গ টেনে শতদ্রু লিখেছেন, ‘এবার আর চুপ নয়, সত্য সামনে আনবই।’ খুব শীঘ্রই সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রকাশের কথাও জানিয়েছেন শতদ্রু।