রতুয়ার প্রার্থীর নাম বাদ যাওয়ায় জটিলতা, ট্রাইব্যুনালকে নির্দেশ সুপ্রিম কোর্টের

মালদহের রতুয়া কেন্দ্রকে ঘিরে কংগ্রেস প্রার্থী মহম্মদ মোত্তাকিনের মনোনয়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এসআইআর প্রক্রিয়ার জটে তাঁর নাম এখনও ট্রাইব্যুনালে বিবেচনাধীন অবস্থায় রয়েছে। আজ প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এবং বিকেল ৩টার মধ্যেই সমস্ত প্রার্থীকে মনোনয়ন পেশ করতে হবে। কিন্তু ভোটার তালিকায় নাম থাকা নিয়ে সংশয় তৈরি হওয়ায় মনোনয়নের ঠিক আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মোত্তাকিন।

সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ শীর্ষ আদালতে এজলাস বসতেই জরুরি ভিত্তিতে মামলাটি শোনা হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিচারপতিরা নির্দেশ দেন, দুপুর ১২টার মধ্যে ট্রাইব্যুনালকে মোত্তাকিনের নাম সংক্রান্ত সমস্যার নিষ্পত্তি করতে হবে। এই নির্দেশ পাওয়ার পর সল্টলেকের ট্রাইব্যুনাল দপ্তরে দ্রুত কাজ শুরু হয়।

জানা গিয়েছে, যদি নির্ধারিত সময়ের মধ্যে মোত্তাকিনের নামের জট না কাটে এবং তিনি মনোনয়ন জমা দিতে ব্যর্থ হন, তাহলে কংগ্রেস বিকল্প প্রার্থী হিসেবে অন্য কারও নাম ঘোষণা করবে। মালদহ জেলা কংগ্রেস সূত্রে খবর, চাঁচলের প্রাক্তন বিধায়ক আল বিরুনি জুলকার নাইনকে বিকল্প প্রার্থী হিসেবে ঠিক করে  রাখা হয়েছে।


উল্লেখ্য, মহম্মদ মোত্তাকিন পূর্বে মানিকচক কেন্দ্র থেকে ২০১৬ সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। যদিও ২০২১ সালের নির্বাচনে তিনি তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্রর কাছে পরাজিত হন। এবারের নির্বাচনে কংগ্রেস তাঁকে রতুয়া কেন্দ্র থেকে প্রার্থী করেছে। কিন্তু ভোটার তালিকায় তাঁর নাম ‘ডিলিট’ হয়ে যাওয়ার খবর সামনে আসায় নতুন করে জটিলতা তৈরি হয়।

এর আগে ফরাক্কা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মাহাতাব শেখের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল। তবে ট্রাইব্যুনালের নির্দেশে তাঁর নাম অতিরিক্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এখন রতুয়ার ক্ষেত্রেও দ্রুত সমাধানের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।