পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে আপাতত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সামনে হাজিরা দিতে হচ্ছে না। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট তাঁকে সাময়িক স্বস্তি দেয়। তবে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্দিষ্ট সময়ে তাঁকে হাজিরা দিতে হবে।
ইডি গত কয়েকদিন ধরে একাধিকবার সুজিত বসুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। কিন্তু তিনি প্রতিবারই সময় চেয়ে চিঠি দেন এবং জানান যে তিনি বর্তমানে নির্বাচনী কাজে ব্যস্ত। সেই কারণে তিনি ভোট শেষ না হওয়া পর্যন্ত হাজিরা দিতে পারবেন না বলে আদালতে আবেদন জানান। এই আবেদন ঘিরে বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণ রাও-এর এজলাসে শুনানি হয়।
সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানায়, এখনই ইডির সামনে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই। তবে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়—আগামী ১ মে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে।
এই একই মামলায় রাজ্যের আরও এক মন্ত্রী রথীন ঘোষ-কেও তলব করেছে ইডি। উল্লেখ্য, আসন্ন দ্বিতীয় দফার ভোটে বিধাননগর কেন্দ্র থেকে প্রার্থী সুজিত বসু এবং মধ্যমগ্রাম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রথীন ঘোষ। ভোটের ঠিক আগে তাঁদের বারবার তলব ঘিরে রাজনৈতিক মহলে চাপানউতর তৈরি হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে পুর নিয়োগ দুর্নীতি মামলায় রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি এবং তাঁর বাড়িতে তল্লাশিও চালানো হয়। অন্যদিকে, ২০২৪ সালের জানুয়ারি এবং ২০২৫ সালের অক্টোবর মাসে সুজিত বসুর বাড়ি ও দফতরে অভিযান চালায় তদন্তকারী সংস্থা। তাঁর ঘনিষ্ঠদের একাধিক ঠিকানাতেও তল্লাশি চালানো হয়েছিল।আদালতের নির্দেশে আপাতত স্বস্তিতে রয়েছেন মন্ত্রী সুজিত বসু।