রমজানে ভর্তুকিযুক্ত খাদ্যসামগ্রী, বিশেষ প্যাকেজ রাজ্যের

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজ্য সরকার ফের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি চালু করল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে খাদ্য ও সরবরাহ দপ্তর ঘোষণা করেছে, অন্ত্যোদয় অন্নযোজনা (এএওয়াই) ও বিশেষ অধিকারপ্রাপ্ত (এসপিএইচএইচ) পরিবারগুলিকে ভর্তুকিযুক্ত নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হবে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি সপ্তাহ থেকে ১৯ মার্চ পর্যন্ত নির্দিষ্ট রেশন দোকানগুলিতে এই সুবিধা মিলবে। নির্ধারিত সময়ের মধ্যে উপভোক্তারা পরিবারপিছু এক কেজি চিনি ৩২ টাকায়, এক কেজি ময়দা ৩০ টাকায় এবং এক কেজি ছোলা ৬৫ টাকায় সংগ্রহ করতে পারবেন। সবকটি পণ্যই ভর্তুকিযুক্ত দামে সরবরাহ করা হবে।

খাদ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, রমজান মাসে খাদ্যসামগ্রীর চাহিদা বৃদ্ধি পাওয়ায় আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির কথা বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে রেশন ডিলারদের প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে, যাতে কোনও উপভোক্তা পরিষেবা থেকে বঞ্চিত না হন। প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে, শুধুমাত্র নির্ধারিত রেশন কার্ডধারীরাই এই সুবিধার আওতায় পড়বেন। উপভোক্তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিকটবর্তী রেশন দোকান থেকে সামগ্রী সংগ্রহ করার অনুরোধ করা হয়েছে। সরকারের দাবি, খাদ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালু থাকবে। ঈদ উৎসব ঘোষিত না হওয়া পর্যন্ত এই পরিষেবা বহাল থাকবে বলে জানানো হয়েছে।