রক্তপাতহীন নির্বাচন পরিচালনার পুরস্কার? মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে ড. সুব্রত গুপ্ত

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্যে রক্তপাতহীন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পর এ বার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হল অবসরপ্রাপ্ত আইএএস অফিসার ড. সুব্রত গুপ্তকে। শনিবার রাজ্য সরকারের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে।

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যপালের অনুমোদনক্রমে ডঃ সুব্রত গুপ্ত, আইএএস (অবসরপ্রাপ্ত)-কে অবিলম্বে কার্যকরী হওয়া সাপেক্ষে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হচ্ছে। জনস্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রশাসনিক মহলের একাংশের মতে, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ড. গুপ্তর। ভোটপর্বে বড় ধরনের সংঘর্ষ বা অশান্তির ঘটনা এড়ানোয় তাঁর প্রশাসনিক দক্ষতা বিশেষভাবে নজর কেড়েছিল। সেই অভিজ্ঞতার উপর ভরসা রেখেই নতুন সরকারের প্রশাসনিক পরিকাঠামোয় তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।


রাজ্যের নতুন রাজনৈতিক সমীকরণের মধ্যে এই নিয়োগকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক ও রাজনৈতিক মহল।