দুর্গাপুর মেডিক্যাল কলেজে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার

ফের শিরোনামে দুর্গাপুরের সেই মেডিক্যাল কলেজ হাসপাতাল। শনিবার রাতে কলেজের হস্টেলের শৌচালয় থেকে দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম লাবণ্য প্রতাপ (২২)। তিনি বিহারের পাটনার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।

খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ওই ছাত্র। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে পরিবারের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে ছাত্রের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা দুর্গাপুরে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে। বর্তমানে দেহ হাসপাতালের মর্গে রাখা আছে।

পুলিশ মৃতের সহপাঠীদের সঙ্গেও কথা বলেছে। তাঁদের দাবি, চলতি সেমেস্টারে একটি বিষয়ে উত্তীর্ণ হতে পারেননি লাবণ্য। সেই কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। ওই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।


উল্লেখ্য, এর আগে গত ১০ অক্টোবর একই মেডিক্যাল কলেজকে ঘিরে আরেকটি ঘটনা সামনে আসে। প্রথম বর্ষের এক ছাত্রী ‘গণধর্ষণ’-এর অভিযোগ তোলেন। ঘটনায় এক সহপাঠী-সহ মোট ছ’জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে ছাত্রী পুলিশের কাছে দেওয়া বয়ানই পুনর্ব্যক্ত করেন এবং পাঁচ অভিযুক্তকে শনাক্ত করেন। সেই ঘটনার পর ফের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে।